শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতির মূল শক্তি গণমানুষের ম্যান্ডেট: মাহদী আমিন

জাতীয় ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০২:২৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতির মূল শক্তি গণমানুষের ম্যান্ডেট: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতির প্রকৃত শক্তি প্রচলিত ক্ষমতার আড়ম্বর নয়, বরং সাধারণ মানুষের সমর্থন, বিশ্বাস ও গণতান্ত্রিক ম্যান্ডেট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ শুভেচ্ছা বার্তায় তিনি এই মূল্যায়ন তুলে ধরেন।

মাহদী আমিন তার পোস্টে উল্লেখ করেন, গণমানুষের নেতা হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন কেবল ব্যক্তিগত কোনো উপলক্ষ নয়, বরং এর বিশেষ জাতীয় তাৎপর্য রয়েছে। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মর্যাদা রক্ষার পাশাপাশি নাগরিকদের অধিকার, স্বাধীনতা ও সুরক্ষার প্রশ্নের সঙ্গে তার নেতৃত্ব গভীরভাবে জড়িয়ে আছে।

ঐতিহাসিক এক সন্ধিক্ষণে তারেক রহমানের দেশে ফেরার স্মৃতিচারণা করে মুখপাত্র লেখেন, সেদিন মানুষের অভূতপূর্ব সমাগম, আবেগ ও মমত্ববোধ দেখা গিয়েছিল। পরবর্তীতে নির্বাচনে তার নেতৃত্বে জনগণের ঐতিহাসিক বিজয় সেই ভালোবাসা ও আস্থারই গণতান্ত্রিক প্রতিফলন ঘটিয়েছে। এখনো দেশের যে প্রান্তেই তিনি যান, সব শ্রেণি, পেশা ও বয়সের মানুষ যেভাবে তাকে আপন করে নেন, তা সাধারণ মানুষের সঙ্গে তার আত্মিক বন্ধনেরই প্রকাশ।

প্রধানমন্ত্রীর দৈনন্দিন চলাফেরায় প্রচলিত অতিগুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিভিআইপি) সংস্কৃতির জাঁকজমক নেই জানিয়ে মাহদী আমিন বলেন, ক্ষমতার প্রথাগত বেষ্টনী ভেঙে তিনি বারবার তৃণমূলে ছুটে যান এবং প্রান্তিক মানুষের কথা শোনেন। তার রাজনীতির মূল দর্শনই হলো রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস জনগণ। জনগণের প্রেরণা ও সমর্থনকেই তিনি নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি মনে করেন, যার মৌলিক লক্ষ্য মানুষের পাশে থাকা, সংকটের সমাধান করা, দেশের স্বার্থ সংরক্ষণ এবং সবার আগে বাংলাদেশ নিশ্চিত করা।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে মাহদী আমিন জানান, ২০১১ সাল থেকে গত দেড় দশক ধরে তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ তার হয়েছে। এই দীর্ঘ সময়ে তিনি খুব কাছ থেকে দেশের প্রতি প্রধানমন্ত্রীর অসীম ভালোবাসা, মানুষের ভাগ্য পরিবর্তনের দৃঢ় প্রত্যয় এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সুদূরপ্রসারী পরিকল্পনা ও নিরলস কর্মপ্রয়াস প্রত্যক্ষ করেছেন। অসংখ্য অপপ্রচার, ষড়যন্ত্র, প্রতিকূলতা ও দীর্ঘ সংগ্রামের ভেতরেও তার অবিচল মনোবল, জনগণের শক্তির প্রতি আস্থা এবং দেশের জন্য কাজ করার অদম্য স্পৃহা সহকর্মীদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে বলে তিনি মন্তব্য করেন।

রাজনৈতিক উত্তরাধিকার ও ঐতিহাসিক ধারাবাহিকতার প্রসঙ্গ টেনে মুখপাত্র লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বিএনপির প্রতিষ্ঠা, তার রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বে বাংলাদেশের আত্মপরিচয় ও জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আপসহীন গণতান্ত্রিক সংগ্রাম দেশের ইতিহাসের গৌরবময় অধ্যায়। এই ইতিহাসের প্রতিটি বাঁকে ত্যাগ, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার স্বাক্ষর রয়েছে। সেই আদর্শ ও সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমান আজ বহুমাত্রিক দায়িত্ব পালন করছেন, যার মূল লক্ষ্য কেবল ঐতিহ্য বহন করা নয়, বরং প্রতিটি অর্জন ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ বিনির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে একটি স্বাধীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা।

বাংলাদেশের ভবিষ্যৎ, উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারেক রহমানের নেতৃত্ব দেশকে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে নিয়ে এসেছে বলেও পোস্টে উল্লেখ করা হয়। মাহদী আমিনের ভাষায়, অসাধারণ ব্যক্তিত্ব ও সক্ষমতার অধিকারী হয়েও তিনি জীবনযাপনে অত্যন্ত সাধারণ এবং মাটির কাছাকাছি থাকা একজন মানুষ।

পোস্টের শেষাংশে তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শক্তি ও প্রজ্ঞা কামনা করেন এবং তার নেতৃত্বে গণতন্ত্র, সমৃদ্ধি, স্বনির্ভরতা ও বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন দিগন্তে দেশ এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি প্রতিটি ঘাত-প্রতিঘাত ও সম্ভাবনার বাঁকে তার পাশে থাকার অঙ্গীকার জানিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান মাহদী আমিন।