শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

রোহিঙ্গা গণহত্যা: রায়ের দ্রুত বাস্তবায়ন চাইল বাংলাদেশ সরকার

জাতীয় ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০২:৪৪ পিএম

রোহিঙ্গা গণহত্যা: রায়ের দ্রুত বাস্তবায়ন চাইল বাংলাদেশ সরকার

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত রোহিঙ্গা গণহত্যা মামলার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন চেয়েছে বাংলাদেশ।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ আহ্বান জানান। গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আদালতের রায়ের প্রতিক্রিয়ায় এ বক্তব্য তুলে ধরেন তিনি।

রায়টি কার্যকর হলে প্রায় ১৩ লাখ রোহিঙ্গার ভার বহন থেকে মুক্তির পথ খুলতে পারে বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় একটি ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশ এই রায়কে স্বাগত জানায়।

আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে সহিংসতা বন্ধ, দায়ীদের বিচার, ভবিষ্যতে গণহত্যার পুনরাবৃত্তি রোধ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এই রায় চূড়ান্ত ও আইনত বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।

মামলার সরাসরি পক্ষ না হলেও বাংলাদেশ প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বলে জানান হুমায়ুন কবির। এ মামলায় গাম্বিয়া, ওআইসি এবং সমর্থনকারী বন্ধুপ্রতিম দেশগুলোর ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের স্থায়ী সমাধান।