শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

মোবাইল নেটওয়ার্কের আওতা বাড়াতে ছাদে ক্ষুদ্র টাওয়ার আনছে স্পেসএক্স

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ১২:৫৭ পিএম

মোবাইল নেটওয়ার্কের আওতা বাড়াতে ছাদে ক্ষুদ্র টাওয়ার আনছে স্পেসএক্স

মোবাইল নেটওয়ার্কের আওতা বাড়াতে এবং নেটওয়ার্কহীন এলাকা বা ডেড জোনের সমস্যা কাটিয়ে উঠতে বাড়ির ছাদে বসানোর উপযোগী ছোট আকারের সেল টাওয়ারের নকশা চূড়ান্ত করেছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক চলতি সপ্তাহে ডিলবুক সামিটে দেওয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান।

ভবনের ভেতরে স্যাটেলাইট সংকেত পৌঁছাতে বাধার মুখে পড়লে এই ক্ষুদ্র টাওয়ার কার্যকর ভূমিকা রাখতে পারে।

মাস্কের ভাষ্য অনুযায়ী, বিশ্বের যেকোনো স্থানে এমনকি মোবাইল ফোনের মাধ্যমেও ইন্টারনেট সংযোগ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে স্পেসএক্স। আগামী বছর ডাইরেক্ট-টু-সেল ভি২ স্যাটেলাইট নেটওয়ার্ক চালুর পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির, যা চালু হলে ডেটা আদান-প্রদানের সক্ষমতা ৪০ গুণ বাড়বে। তবে মহাকাশ থেকে পাঠানো সংকেত ভবনের ভেতরে, বিশেষ করে ধাতব ছাদ থাকলে আটকে যায় বলে জানান তিনি। এই ঘাটতি মেটাতেই ব্যবহারকারীর কাছাকাছি স্থলভিত্তিক প্রযুক্তি দরকার।

শুরুতে তারহীন যোগাযোগের তরঙ্গ বা ওয়্যারলেস স্পেকট্রাম ব্যবহারের অধিকার কেনার দিকে নজর ছিল স্পেসএক্সের। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের অনুমোদন পাওয়ার পর ২০২৪ সালে টি-মোবাইলের সঙ্গে যৌথ উদ্যোগে সরাসরি ফোনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার কাজ এগোয়। এরপর ২০২৫ সালে ইকোস্টারের সঙ্গে এক হাজার ৭০০ কোটি ডলারের চুক্তি করে প্রতিষ্ঠানটি। চলতি বছর আটশ কোটি ডলারের লো-ব্যান্ড স্পেকট্রামের একটি অংশ অধিগ্রহণে সম্মত হওয়ার কথাও জানানো হয়েছে।

কেনা ওয়্যারলেস স্পেকট্রামের সঙ্গে ক্ষুদ্র সেল টাওয়ার যুক্ত হলে মোবাইল সংকেত আরও জোরালো হবে এবং ডেড জোনের সমস্যা কমবে বলে মনে করেন মাস্ক। তিনি জানান, স্টারলিংক ডিশের মতো করে বাড়ির ছাদে বসানো যাবে এমন মাইক্রো সেল টাওয়ারের নকশা শেষ হয়েছে।

উৎপাদন শুরুর সময় নিয়ে অবশ্য নিশ্চিত কোনো তারিখ জানাননি মাস্ক। তার ধারণায়, ২০২৭ সালে এসব যন্ত্র বানানো শুরু হতে পারে। অতীতে উৎপাদনের সময়সীমা ধরে রাখতে না পারার নজিরও তার রয়েছে।

ক্ষুদ্র সেল টাওয়ারের ধারণা নতুন না হলেও হার্ডওয়্যার তৈরির অগ্রগতি নিয়ে চলতি সপ্তাহের আগে স্পষ্ট ধারণা মেলেনি। গত আগস্টে আয়সংক্রান্ত এক সম্মেলনে স্পেসএক্সের প্রেসিডেন্ট গিন শটওয়েল জানিয়েছিলেন, বড় সেল টাওয়ারের বদলে ছোট ও কম বিদ্যুৎ খরচের সেলুলার বেস স্টেশন বসানোর কথা ভাবছেন তারা।

নতুন অগ্রগতির কথা জানালেও স্পেসএক্স পরিকল্পনার নানা দিক এখনো গুছিয়ে নিচ্ছে। মাস্ক জানিয়েছেন, ক্ষুদ্র সেলুলার বেস স্টেশনগুলো স্টারলিংক টার্মিনালের সঙ্গে একসঙ্গে দেওয়ার একটি উপায় নিয়েও ভাবছে প্রতিষ্ঠানটি।