নভেম্বর ২০, ২০২৬, ১১:২৭ এএম
ইন্দোনেশিয়ায় ডে-কেয়ারে শিশু নিপীড়ন ও অবহেলার মামলায় প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত এপ্রিলে ইয়োগিয়াকার্তা শহরের লিটল আরেশা নামের ওই লাইসেন্সবিহীন ডে-কেয়ার সেন্টারে অভিযান চালানো হয়। তখন ভেতরে নির্যাতনের চিত্র সামনে আসে এবং ছোট শিশুদের হাত ও পা কাপড়ের টুকরো দিয়ে বেঁধে রাখার দৃশ্য দেখা যায়।
ঘটনাটি ঘিরে ইন্দোনেশিয়াজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর দেশটির সব শিশু দিবাযত্ন কেন্দ্রের ওপর নজরদারি বাড়ানো হয় এবং কর্তৃপক্ষ জানায়, এমন অনেক কেন্দ্রেরই যথাযথ লাইসেন্স নেই।
এই মামলায় লিটল আরেশার অধ্যক্ষ অনিতা পালুপি ইন্দাহসারিসহ প্রতিষ্ঠানের ১১ জন কর্মী এবং কেন্দ্র পরিচালনাকারী ফাউন্ডেশনের প্রধানকে অভিযুক্ত করা হয়েছিল।
বৃহস্পতিবারের রায়ে ইয়োগিয়াকার্তার বিচারক সুনারিয়ান্তো বলেন, অনিতা শিশুদের ওপর অব্যাহত সহিংসতা চালানোর সুযোগ দিয়েছেন। বিচারকের ভাষ্য অনুযায়ী, তিনি আইনগতভাবে এবং সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হয়েছেন।
কারাদণ্ডের পাশাপাশি অনিতাকে ৫১০ মিলিয়ন ইন্দোনেশীয় রুপিয়া জরিমানা করা হয়েছে, যা ২৭ হাজার ৯০০ মার্কিন ডলার বা ২১ হাজার ৩০০ পাউন্ডের সমতুল্য। জরিমানা না দিলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে রায়ের পর ভুক্তভোগী কয়েকটি পরিবার অসন্তোষ প্রকাশ করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানিতে অনিতার ১০ বছরের কারাদণ্ড চাইলেও সাজা হয়েছে তার অর্ধেক।
বৃহস্পতিবারের শুনানিতে থাকা অভিভাবক ত্রি সুসিলাওয়াতি রায়ের বিরুদ্ধে আপিল করতে রাষ্ট্রপক্ষের প্রতি আহ্বান জানান। তাঁর মতে, সন্তানদের সঙ্গে যা করা হয়েছে, তার তুলনায় এই শাস্তি যথেষ্ট নয়।
চলতি বছরের শুরুর দিকে বিচার শেষে লিটল আরেশা ফাউন্ডেশনের চেয়ারপারসন দিয়াহ কুসুমাস্তুতিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এ ছাড়া কেন্দ্রটির ১১ জন পরিচর্যাকারীর প্রত্যেককে দুই থেকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়, যদিও রাষ্ট্রপক্ষ প্রত্যেকের পাঁচ বছর করে সাজা চেয়েছিল। আগের ওই রায়গুলোর বিরুদ্ধেও বিক্ষোভ করেছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা এবং কেউ কেউ বলেছিলেন, সাজা তাঁদের চাওয়ার ধারেকাছেও নেই।
ভুক্তভোগী এক শিশুর বাবা ইমেদিয়া দ্বি অঞ্জনি এই পরিস্থিতিকে চরম অন্যায় বলে মন্তব্য করেন।
প্রতিষ্ঠানটির এক সাবেক কর্মীর অভিযোগের পর গত এপ্রিলে লিটল আরেশায় অভিযান চালানো হয়, যেখানে শিশুদের সঙ্গে অমানবিক আচরণের দাবি করা হয়েছিল।
পুলিশের হিসাব অনুযায়ী, কেন্দ্রটিতে থাকা ১০৩ জন শিশুর মধ্যে ৫৩ জন নির্যাতনের শিকার হয়। অভিযানে তিন মিটার বা ১০ ফুট দৈর্ঘ্য ও তিন মিটার প্রস্থের ছোট ছোট ঘরে ২০ জন পর্যন্ত শিশুকে গাদাগাদি করে রাখার চিত্র দেখা যায়।
শিশুরা যাতে অন্যদের বিরক্ত না করে, সেজন্য কর্মীরা কয়েকজন শিশুকে বেঁধে রাখতেন বলে সে সময় জানিয়েছিলেন ইয়োগিয়াকার্তার পুলিশ প্রধান ইভা গুনা পান্দিয়া। অভিযান চালানোর পরপরই ডে-কেয়ার সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়।
তথ্যসূত্র: বিবিসি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন