নভেম্বর ২০, ২০২৬, ১১:১৫ এএম
টানা বৃষ্টিতে সবজি সরবরাহ কমে যাওয়ায় শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার বিভিন্ন বাজারে সব ধরনের সবজির দাম কিছুটা বেড়েছে।
বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, আগের দিন থেকে টানা বৃষ্টি হওয়ায় ক্ষেত থেকে সবজি তুলতে পারেননি কৃষকরা। ফলে রাজধানীতে সবজি ভর্তি ট্রাক তুলনামূলক কম ঢুকেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। প্রতি কেজি পটল ৬০ টাকা ও ঝিঙ্গা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ও উচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ১০০ টাকা এবং বরবটি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি ধুন্দুল ৮০ টাকা, মুলা ৮০ টাকা, শসা ৮০ টাকা এবং মান ভেদে সিম প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন টমেটো প্রতি কেজি ১৬০ টাকা ও পুরাতন টমেটো ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কচু প্রতি কেজি ৮০ টাকা, জালি ও লাউ প্রতি পিস ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকা এবং শালগম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
রামপুরা বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী হায়দার হোসেন বলেন, বৃষ্টির কারণে বাজারে সবজির দাম তুলনামূলক বেশি। গত পরশুদিনের তুলনায় প্রতিটি সবজির দাম বেড়েছে বলে জানান তিনি। বিক্রেতাদের বরাত দিয়ে হায়দার হোসেন বলেন, বৃষ্টির কারণে সবজির সরবরাহ একেবারেই কম। আগের দিন সারাদিন এবং শুক্রবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় সবজির দাম বেড়েছে।
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা খোরশেদ আলম বলেন, সকালে কারওয়ান বাজারে মাল কিনতে গিয়ে সবজির সরবরাহ একেবারেই কম দেখেছেন তিনি। আগের দিন বৃষ্টির কারণে কৃষকরা ক্ষেত থেকে সবজি তুলতে না পারায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর পাইকারি বাজারগুলোতে সবজি ভর্তি ট্রাক তুলনামূলক কম ঢুকেছে। চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি।
খোরশেদ আলম বলেন, বৃষ্টির কারণে এই বাড়তি দাম থাকবে। বৃষ্টি থেমে গেলে সবজির দাম কমে আসবে। শীত মৌসুম শুরু হওয়ায় পুরো শীত মৌসুম জুড়ে সবজির দাম কম থাকবে বলে মনে করেন তিনি। তাঁর মতে, বাড়তি দামের একমাত্র কারণ বৃষ্টির প্রভাব এবং সরবরাহ ঠিকঠাক হলে দাম আবার কমে যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন