নভেম্বর ১৯, ২০২৬, ০৬:১০ পিএম
সৌরবিদ্যুতের ঋণ গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে দিতে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ। সরকারের অর্থায়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সম্প্রতি সংস্থাটিকে ৫০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিকেএসএফ এ তথ্য জানায়।
পিকেএসএফের নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচির আওতায় সরকারি এই মঞ্জুরকৃত তহবিল থেকে ঋণ বিতরণ করা হবে। এতে ব্যক্তি, পরিবার ও উদ্যোক্তারা স্বল্প সুদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে সারা দেশের বিভিন্ন অঞ্চলে এই ঋণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর ফলে বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রারম্ভিক কর্মকাণ্ড শেষ করে ইতোমধ্যে ৯৬টি সহযোগী সংস্থার অনুকূলে ঋণ মঞ্জুর ও অর্থ ছাড় শুরু হয়েছে।
এই তহবিলের আওতায় দেশের ২১ হাজার গ্রাহক বাড়ির ছাদে বা প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবেন। এতে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি আগামী ১৫ বছরে অন্তত ৬ লাখ টন কার্বন নিঃসরণ কমবে বলে জানিয়েছে পিকেএসএফ। রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সার্ভিস খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও বলা হয়েছে।
বাস্তবায়ন অগ্রগতি তাৎক্ষণিকভাবে পরিবীক্ষণের জন্য একটি স্বয়ংক্রিয় ড্যাশবোর্ডের ব্যবস্থা রাখা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন