নভেম্বর ১৯, ২০২৬, ০৬:৪৫ পিএম
নোয়াখালীর সেনবাগে মোহাম্মদপুর রামেন্দ্র মডেল হাইস্কুলের বর্ষপূর্তিতে অতিথি হিসেবে যোগ দিয়েছেন পর্তুগালের রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা, ডাচেস অব কোইমব্রা। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।
সকাল থেকেই বৃষ্টি ছিল।
দুপুরের দিকে হেলিকপ্টারে অনুষ্ঠান স্থলে আসেন ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা ও তার স্বামী দুয়ার্তে দে সুজা আরাউজো মার্টিন্স। এরপর বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়। জেডএএফ ফাউন্ডেশনের উদ্যোগে ও লন্ডন টি এক্সচেঞ্জের সহযোগিতায় অ্যাচিভমেন্টস, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার ভিশন শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুর ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার। আরও ছিলেন জেডএএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান তামান্না ফারুক থীমা এবং ফারাজানা ফারুক ফ্রিমা। সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক জেডএএফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
আলোচনা সভায় ফাউন্ডেশনের বিভিন্ন অর্জন, চলমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। আয়োজকেরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় পর্যায়ে শিক্ষা, উন্নয়ন ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন