বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,

গ্লোবাল ভিলেজ উৎসবে লিসবনে বাংলাদেশের খাবার ও সংস্কৃতি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৬, ০৬:৩৬ পিএম

গ্লোবাল ভিলেজ উৎসবে লিসবনে বাংলাদেশের খাবার ও সংস্কৃতি

পর্তুগালের লিসবনে অবস্থিত আইএসসিটিই-ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন প্রাঙ্গণে গত ১৭ নভেম্বর গ্লোবাল ভিলেজ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন, নিজ দেশের ঐতিহ্য তুলে ধরা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব দৃঢ় করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এই উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৩৫টিরও বেশি দেশের শিক্ষার্থীরা অংশ নেন।

নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক গায়ে জড়িয়ে শিক্ষার্থীরা সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন। বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে সাজানো স্টলটি ছিল দর্শনার্থীদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু। হাফসা মনি, ইশরাত সাদাফ, অপরাজিতা মিত্র, আতিকুল হক এবং তৌফিক আহমেদ বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে উৎসবে অংশগ্রহণ করেন।

স্টলে দেশীয় বাহারি খাবার পরিবেশন করে বাংলাদেশের রন্ধনশিল্প ও আতিথেয়তার ঐতিহ্য তুলে ধরা হয়। মূল খাবারের তালিকায় ছিল ভাত, মাছ, বেগুন ভাজা এবং হরেক রকমের ভর্তা।

বিদেশি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায় ঝালমুড়ি, চটপটি ও আলু ঘুগনির মতো ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড। পাশাপাশি মিষ্টান্ন হিসেবে রসমালাই, কালোজাম, রসগোল্লা ও সেমাই রাখা হয়েছিল।

খাবারের পাশাপাশি দিনব্যাপী আয়োজনে ছিল আনন্দঘন সংগীত পরিবেশনা। অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা একে অপরের দেশের স্টল ঘুরে দেখেন এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হন।

বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর গ্লোবাল ভিলেজ আয়োজন করে এবং ভোটের মাধ্যমে সেরা প্রতিনিধিত্বকারী দেশ ঘোষণা করে। গত বছর সেরা স্থান অর্জন করেছিল বাংলাদেশ। গত বছরের অংশগ্রহণকারী শিক্ষার্থী ঐশী দাস বলেন, আমরা গত বছর সেরা প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে ঘোষিত হয়েছিলাম। এ বছর সেটি না হলেও এবারের নতুন শিক্ষার্থীরা দারুণভাবে অংশগ্রহণ করেছে এবং সবার প্রশংসা পেয়েছে।

এবারের অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীরা জানান, শুধু খাবার পরিবেশন নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নিজস্ব পরিচয়, সংস্কৃতি এবং আতিথেয়তার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই অংশগ্রহণের মূল উদ্দেশ্য।