সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০২:১১ এএম

লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা

লন্ডনে সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের প্রথম যৌথ সভা।

যুক্তরাজ্যে সম্প্রতি গঠিত সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের প্রথম যৌথ সভা পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় সংগঠনের পক্ষ থেকে এই সভায় ১১ দফা দাবি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি ও যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সভার প্রথম পর্বে পরিচিতি ও সংবাদ সম্মেলনে ১১ দফা ঘোষণাপত্র উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি ড. মুহাম্মদ আনসার মোস্তাকিম। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেইন দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কেবল প্রবাসী বাংলাদেশি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ঘোষিত ১১ দফা দাবির মধ্যে রয়েছে প্রবাসীদের ভোটার নিবন্ধন, বিদেশ থেকে ভোট দেওয়ার ব্যবস্থা এবং দ্বৈত নাগরিকত্বধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি। এছাড়া জুলাই সনদে প্রস্তাবিত সংসদের উচ্চকক্ষে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।

দাবিগুলোর তালিকায় আরও রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোর সেবার মান উন্নয়ন। আইনি জটিলতায় পড়া প্রবাসীদের কনস্যুলার সহায়তা দেওয়া এবং প্রবাসীদের সম্পদের সুরক্ষায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানানো হয়।

সভায় বক্তারা সরকারি ব্যবস্থাপনায় মৃতদেহ দেশে ফিরিয়ে আনা এবং রেমিট্যান্স সুরক্ষাসহ বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির ওপর জোর দেন। এ ছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল শক্তিশালী করা এবং প্রবাসীদের জন্য পেনশন ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

অনুষ্ঠানের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ইমান আলী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ। এছাড়া যুক্তরাজ্যের ট্রাইব্যুনাল বিচারক নজরুল খসরু, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী ও টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র সাইফুল আলম এতে অংশ নেন।

প্রথম পর্বের প্রেস ব্রিফিং ও নৈশভোজ শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত যৌথ সভায় পরিষদের গঠনতন্ত্র, তহবিল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।