মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
প্রবাসী নিরাপত্তা সতর্কতা

সৌদি প্রবাসীদের সুরক্ষায় জরুরি বিজ্ঞপ্তি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৬, ১১:৪৭ পিএম

সৌদি প্রবাসীদের সুরক্ষায় জরুরি বিজ্ঞপ্তি

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য কঠোর নিরাপত্তা সতর্কতা জারি করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার জোরালো আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, অন্যদের সাথে আদান-প্রদান করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে প্রবাসীদের সম্পূর্ণ বিরত থাকতে হবে।

দূতাবাস জানিয়েছে, এই ধরনের সংবেদনশীল তথ্য বা দৃশ্য মোবাইল ফোনে ধারণ ও সামাজিক মাধ্যমে প্রচার করা সৌদি আরবের প্রচলিত আইনে গুরুতর শান্তিভঙ্গের অপরাধ হিসেবে গণ্য হতে পারে। তাই স্থানীয় আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করে ফেসবুক, ইউটিউব কিংবা এক্সসহ কোনো প্ল্যাটফর্মেই মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কিত কোনো ছবি বা ভিডিও প্রচার না করার বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এমনকি এই সংক্রান্ত যেকোনো কনটেন্ট ব্যক্তিগত মোবাইল ফোনে সংরক্ষণ করা বা কারও কাছে পাঠানোও নিষিদ্ধের আওতায় পড়বে।

নিরাপত্তা নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, প্রবাসীদের যেকোনো প্রকার ঝুঁকিপূর্ণ বা অতিরিক্ত জনবহুল এলাকা এড়িয়ে সাবধানে চলাফেরা করতে হবে।

জরুরি যেকোনো পরিস্থিতি বা সহায়তার জন্য প্রবাসীদের সুবিধার্থে চারটি হটলাইন নম্বর চালু রেখেছে দূতাবাস। শ্রমসংক্রান্ত প্রয়োজনে টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত বিষয়ে টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৬ এবং ডিপ্লোম্যাটিক উইংয়ের জন্য টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৮-এ সরাসরি যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রবাসীদের মৃত্যুসংক্রান্ত যেকোনো জরুরি তথ্যের জন্য +৯৬৬৫৭০২১২১৮০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সৌদি আরবের পরিস্থিতি সংক্রান্ত যেকোনো আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে প্রবাসীদের রিয়াদের বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণের আহ্বান জানানো হয়েছে।