নভেম্বর ২৯, ২০২৬, ০৫:০০ পিএম
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৩ হাজার ৯৩৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৯ থেকে ২৫ নভেম্বরের অভিযানের এই হিসাব প্রকাশ করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনকারী ৪ হাজার ৭৯৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ২ হাজার ৬২৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনকারী ১ হাজার ৭৪৯ জন। এছাড়া সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি আরবে ঢোকার চেষ্টাকালে ১ হাজার ৩৭৩ জনকে আটক করা হয়েছে। আরও ২১ জন অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন।
মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩৮ হাজার ৪৮৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৩৬ হাজার ৩৭৮ জন পুরুষ ও ২ হাজার ১০৫ জন নারী। ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য ২৪ হাজার ২৯ জনকে সংশ্লিষ্ট দপ্তরে এবং ভ্রমণের আনুষ্ঠানিকতা শেষ করতে ৮ হাজার ৮৪০ জনকে পাঠানো হয়েছে। এর আগের সপ্তাহে (১২-১৮ নভেম্বর) ১১ হাজার ৯১৫ জনকে ফেরত পাঠানো হয়েছিল।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের অবৈধ প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন ও আবাসন বাজেয়াপ্ত করা হবে। অভিযোগ জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন