নভেম্বর ২৯, ২০২৬, ০৪:৪৭ পিএম
দেশে গত এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। নতুন শনাক্তদের ৮৫ শতাংশই পুরুষ। তাদের মধ্যে ৬০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ ও পুরুষ যৌনকর্মী জনগোষ্ঠীর সদস্য। আক্রান্তদের বড় একটি অংশ তরুণ ও যুবক। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ২০২৬ সালের এইচআইভি সংক্রমণের চিত্র তুলে ধরেন মন্ত্রী। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২৬ সালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে মোট ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। তাদের মধ্যে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ১ হাজার ৮৯১।
তিনি বলেন, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ, ১০ শতাংশ পুরুষ যৌনকর্মী, ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী, ১ শতাংশ নারী যৌনকর্মী ও ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য। এ ছাড়া ৫ শতাংশ রোহিঙ্গা, ১১ শতাংশ প্রবাসফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য এবং ১৮ শতাংশ অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর।
বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নতুন শনাক্ত ব্যক্তিদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। ২০ থেকে ২৪ বছর বয়সীদের হার ২৪ শতাংশ এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সের। বৈবাহিক অবস্থার হিসাবে আক্রান্ত ব্যক্তিদের ৪৮ শতাংশ বিবাহিত ও ৪৮ শতাংশ অবিবাহিত। এ ছাড়া ১ শতাংশ বিধবা ও ১ শতাংশ বিবাহবিচ্ছিন্ন বা একা বসবাসকারী।
এইচআইভি-সম্পর্কিত মৃত্যুর সংখ্যাও বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২৬ সালে এইচআইভিতে আক্রান্ত হয়ে ২৮৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ২৫৪।
তবে নতুন শনাক্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। চলতি বছরে শনাক্ত হওয়া ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশকে শনাক্তের পরপরই চিকিৎসার আওতায় আনা হয়েছে বলে জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি অর্থায়ন ও গ্লোবাল ফান্ডের সহযোগিতায় দেশে এইচআইভি প্রতিরোধ, পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, সরকারি উদ্যোগে ২০ জেলার ২৩টি সরকারি হাসপাতালে এইচআইভি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া ১৬টি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে এবং আটটি এনজিও পরিচালিত ড্রপ-ইন সেন্টারে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন