রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতার জন্য ৫ প্রতিষ্ঠান তালিকাভুক্ত

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৪:৫০ পিএম

খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতার জন্য ৫ প্রতিষ্ঠান তালিকাভুক্ত

বাংলাদেশ ব্যাংকের পুরনো ভবন। প্রতীকী ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

খেলাপি ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির আওতায় পাঁচটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২-এর সার্কুলার লেটার নম্বর-১৯-এর মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার, হুদহুদ সলিউশনস পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল’ (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড, মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড ও সিটিজেনস অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউস।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০ আগস্ট জারি করা সার্কুলার নম্বর-৪-এর মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তকরণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬ প্রকাশ করা হয়।

পরে ৮ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়।

এতে মোট ২৩টি আবেদন জমা পড়ে। বাংলাদেশ ব্যাংক আবেদনগুলো যাচাই-বাছাই ও নীতিমালার শর্ত অনুযায়ী মূল্যায়ন করে ন্যূনতম যোগ্যতা অর্জনকারী পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে।

সার্কুলার অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই জারি করা এডিআর-সংক্রান্ত নির্দেশনাবলি যথাযথভাবে পরিপালন করে বিদ্যমান পক্ষসমূহ এবং সংশ্লিষ্ট তালিকাভুক্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হবে।

এ ছাড়া তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যস্থতাকারী, ঋণগ্রহীতা ও ঋণদাতার মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির শর্তাবলি অনুসারে খেলাপি ঋণের বিপরীতে মামলা দায়েরের আগে এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় দায়ের করা মামলার ক্ষেত্রেও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যাবে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের ফলে খেলাপি ঋণ আদায়ে দীর্ঘসূত্রতা কমবে এবং ঋণ আদায় কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। মধ্যস্থতা কার্যক্রমের প্রসার ও তালিকায় অধিকসংখ্যক যোগ্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শিগগিরই পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তালিকাভুক্তির দ্বিতীয় পর্যায় শুরু করা হবে।