রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৫৮ পিএম

বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর

বক্তব্য দিচ্ছেন অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী, দক্ষ, প্রতিযোগিতামূলক ও পরিবেশবান্ধব জ্বালানি কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।

একই সঙ্গে বর্তমান জ্বালানি সংকট মোকাবিলা করে নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করারও কাজ চলছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কথা বলেছেন।

রোববার সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক মিলনায়তনে রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ: এ পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর ট্রানজিশন কনসেপ্ট ফর বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষের জীবনমান, শিল্প ও কৃষির উৎপাদনশীলতা এবং অর্থনীতির সামগ্রিক অগ্রগতির জন্য জ্বালানি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা বলতে শুধু বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা বোঝায় না।

বরং নির্ভরযোগ্য, সাশ্রয়ী, নিরবচ্ছিন্ন ও টেকসই জ্বালানি সরবরাহ, দীর্ঘমেয়াদি আমদানি ঝুঁকি হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানি ও পারমাণবিক বিদ্যুৎ বৃদ্ধির মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণ গড়ে তোলাকে বোঝায়।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দুটি সমান্তরাল দায়িত্ব নিয়ে কাজ করছে।

প্রথমত, চলমান জ্বালানি সংকট মোকাবিলা করা, যাতে বিদ্যুতের সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে।

দ্বিতীয়ত, টেকসই ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন করা, যাতে আমদানি নির্ভরতা ক্রমে কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণ গড়ে তোলা যায়।

উপদেষ্টা বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ বাবদ প্রায় ২ লাখ ৮১ হাজার ৩৮৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে, যা উৎপাদন না করেও বিপুল অর্থ ব্যয়ের চিত্র তুলে ধরে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি আমদানিতে অতিরিক্ত ৪ হাজার ৪১০ কোটি টাকা ব্যয় হয়েছে, যা ২০২৬ অর্থবছরের জ্বালানি খাতে মোট বাজেটের প্রায় ১০ শতাংশ।

নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য স্থির করা হয়েছে।

তিনি আরও বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যক্তি খাতের উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে।

এ খাতে দেশীয় উৎপাদনের মাধ্যমে বছরে প্রায় ৩ লাখ ১০ হাজার টন সৌর প্যানেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রথম পর্যায়ে ১৫০টি কূপ খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ৮০টি কূপ নতুন করে খনন করা হবে এবং ৭০টি কূপ পুনঃখনন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি কাজী ফয়সাল বিন সেরাজ।

সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন সিরডাপের মহাপরিচালক ড. মো. আবু রহমতুল্লাহ।