রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

পোশাক রপ্তানিতে ধাক্কা, ২৫ কোটি ডলারের অর্ডার

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৪৪ পিএম

পোশাক রপ্তানিতে ধাক্কা, ২৫ কোটি ডলারের অর্ডার

বিজিএমইএর প্রতীক। প্রতীকী ছবি।

প্রায় এক মাস ধরে চলছে পোশাক শ্রমিকদের আন্দোলন, যা পুরোপুরি থামেনি, নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও। এরই মাঝে রয়টার্স দাবি করছে, বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে ক্রেতারা। ক্রয়াদেশ সরে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে বিজিএমইএ। প্রশ্ন আসছে, বাংলাদেশের পোশাক তৈরির অর্ডার কোথায় গেল? ক্ষতির হিসাবটাই বা কতটা?

বাংলাদেশে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ দাবি করছে, শ্রমিক বিক্ষোভ চলতে থাকায় তারা ক্রেতাদের সময়মতো পণ্য সরবরাহ করতে পারেনি। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান জানান, উল্লেখযোগ্য পরিমাণ ক্রয়াদেশ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেছে। তবে তিনি ক্রেতাদের দোষ দিতে রাজি নন, এবং তিনি জানেন না কোন দেশে বা কোন ক্রেতা অর্ডার সরিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ, উৎপাদন ব্যাহত হওয়া ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বৈশ্বিক ব্র্যান্ডগুলো ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে। তিন কারখানা মালিকের বরাতে রয়টার্স জানিয়েছে, সবচেয়ে বড় অংশ গেছে ভারতে। সরবরাহের ঝুঁকি কমাতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।

গত সপ্তাহে বিজিএমইএ বিক্ষোভের প্রথম ১৮ দিনের আংশিক হিসাব দিয়েছিল। নভেম্বরে ১৬ দিন বন্ধ থাকা ৩১৭টি কারখানার উপর জরিপ করে তারা বলছে, ৩১৭টি কারখানার ক্ষতি ৪২ কোটি ৮০ লাখ ডলার, অর্থাৎ ৫ হাজার ১০০ কোটি টাকার বেশি। ক্রেতারা ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ সরিয়েছেন বাংলাদেশ থেকে। আর ক্রেতাদের আস্থায়ও চিড় ধরেছে। এ কারণে নিশ্চিত হওয়া ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের অর্ডার অন্য দেশে চলে গেছে।

বিজিএমইএ বলছে, প্রকৃত ক্ষতি আরও বেশি। কারণ ৬০০-র বেশি কারখানা ক্ষতিগ্রস্ত হলেও জরিপে অন্তর্ভুক্ত হয়েছে মাত্র একটি অংশ। আর যে হিসাব সামনে আসছে, সেটি শুধু আন্দোলনের প্রথম ১৮ দিনের। তাছাড়া জরিপ করার সময়ও আন্দোলন চলছিল। আর দেশ ও শিল্পের ভাবমূর্তির উপর এর প্রভাবটা যে কিছুটা দীর্ঘস্থায়ী, ক্রয়াদেশ সরে যাওয়াটাই তার বড় প্রমাণ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে অক্টোবরে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫.৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭০ কোটি ডলার হয়েছে। বিজিএমইএ বলছে, এই প্রবৃদ্ধি বিক্ষোভ শুরুর আগের সময়ের, অর্থাৎ ক্ষতির প্রভাব এখনো এই সংখ্যায় আসেনি।

সব মিলিয়ে মজুরির দাবিতে শুরু হওয়া আন্দোলনের হিসাব এখন গিয়ে ঠেকেছে বিশ্ববাজারে। কারখানার চাকা হয়তো আবার পুরোদমে ঘুরবে। কিন্তু সরে যাওয়া ক্রেতারা কি ফিরবেন? বাংলাদেশের পোশাক শিল্পের সামনে এখন সেটাই বড় প্রশ্ন।