রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

কৌশলগত কাঠামোয় ৫ বছরে বাস্তবায়িত হবে উন্নয়ন প্রকল্প

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৩:২৯ পিএম

কৌশলগত কাঠামোয় ৫ বছরে বাস্তবায়িত হবে উন্নয়ন প্রকল্প

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। ফাইল ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

আগামী পাঁচ বছরে উন্নয়ন প্রকল্পের কার্যকর বাস্তবায়ন ও সর্বোচ্চ সুফল নিশ্চিতে সরকার সব উন্নয়ন প্রকল্পকে একটি সমন্বিত কৌশলগত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এ কথা বলেছেন।

তিনি বলেন, মূল চ্যালেঞ্জ পরিকল্পনা প্রণয়ন নয়, বরং এর সফল বাস্তবায়ন।

আমাদের লক্ষ্য শুধু নতুন পরিকল্পনা তৈরি করা নয়, প্রকল্পগুলো যাতে মানুষের জীবনে বাস্তব ও দৃশ্যমান পরিবর্তন আনে, তা নিশ্চিত করা।

আজ রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ আয়োজিত সংস্কার ও উন্নয়নের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সাকি বলেন, নির্বাচনী ইশতেহারকে বাস্তবসম্মত রোডম্যাপ এবং কার্যকর প্রকল্পে রূপ দিতে সরকার এই পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো প্রণয়ন করছে।

এই কাঠামো প্রণয়নের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, একটি স্পষ্ট কাঠামো ছাড়া আমরা অগ্রাধিকারগুলোকে ধারাবাহিক অগ্রগতিতে রূপান্তর করতে পারি না।

তিনি বলেন, প্রকল্পগুলো বিচ্ছিন্নভাবে বা খণ্ডিত আকারে নেওয়ার সময় শেষ হয়ে গেছে।

এখন থেকে প্রতিটি প্রকল্প যাচাই করা হবে, যাতে সেগুলো সুস্পষ্ট অগ্রাধিকার এবং লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেগুলোর ফলাফল যাতে পরিমাপযোগ্য হয় এবং সেগুলো বাস্তবায়নের জন্য যথেষ্ট সম্পদ ও অর্থ পাওয়া যায়।

প্রতিমন্ত্রী বলেন, গত আট থেকে নয় মাস ধরে একাধিক সরকারি সংস্থা এবং অংশীজনদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই কাঠামোটি তৈরি করা হচ্ছে।

মন্ত্রণালয় ও বিভাগগুলোকে কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সম্পদ সংগ্রহযোগ্য প্রকল্প প্রস্তাব করতে উৎসাহিত করা হচ্ছে।

সাকি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়নযোগ্য কর্মসূচি অনুযায়ী প্রকল্প প্রণয়ন ও অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

ইতোমধ্যে বেশ কয়েকটি অগ্রাধিকারমূলক কর্মসূচি চিহ্নিত করা হয়েছে এবং এখন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং পর্যবেক্ষণ প্রক্রিয়ার সঙ্গে এগুলো যুক্ত করার কাজ চলছে।

তিনি বলেন, কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্য আনতে কাঠামোগত সংস্কারের সুবিধার্থে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় ধাপে ধাপে পরিবর্তন আনা হবে।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়নের সময় কাঠামোর সঙ্গে আরও বেশি সামঞ্জস্যের প্রতি মনোযোগ দেওয়া হবে।

প্রাতিষ্ঠানিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে সাকি বলেন, কৌশলগত কাঠামোটির মালিকানা শুধু সাধারণ অর্থনীতি বিভাগের একার হবে না।

সকল মন্ত্রণালয় এবং সকল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই কাঠামোর মালিকানা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, এটি যদি মাত্র কয়েকজনের চিন্তার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে এই কাঠামো পথভ্রষ্ট হবে।

তিনি আরও বলেন, কৌশলগত কাঠামো কেবল তাকের ওপর রাখা কোনো নথি হয়ে উঠবে না।

এতে অর্থনৈতিক উদ্দেশ্য, সরকারের প্রতিশ্রুতি ও অঙ্গীকার, অগ্রাধিকারমূলক কর্মসূচি, সংস্কারের লক্ষ্য এবং কর্মক্ষমতার সূচক অন্তর্ভুক্ত থাকবে।

কর্মশালার আয়োজন করায় সাধারণ অর্থনীতি বিভাগের উদ্যোগের প্রশংসা করে সাকি বলেন, এ ধরনের আলোচনা একেবারেই প্রয়োজনীয়।

তিনি বলেন, এই কর্মশালা বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন ধারণা আনবে এবং পাঁচ বছরের কৌশলগত কাঠামোর জন্য সুদৃঢ় ভিত্তি প্রণয়নে সহায়তা করবে।

পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সবার সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।