নভেম্বর ২৯, ২০২৬, ০৩:১৪ পিএম
বিজয় মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সমাবেশ হবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে।
সমাবেশের মঞ্চ তৈরি করা হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে।
মঞ্চের মুখ থাকবে পশ্চিম দিকে, অর্থাৎ বিজয়নগরমুখী।
আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, গত পরশু সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের নাম ঘোষণা করা হয়েছিল।
সেখানে উন্নয়নের কাজ চলছে। ফলে সমাবেশটি সেখানে করা সম্ভব হচ্ছে না।
এ কারণে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে পূর্ব দিকে পল্টন থানা অতিক্রম করার পর পল্টন কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশের মঞ্চ স্থাপন করা হবে।
মঞ্চটি বিজয়নগরের দিকে মুখ করে তৈরি করা হবে।
মতবিনিময় সভায় দেশের প্রখ্যাত আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, নার্সসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পরাজিত শক্তি নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রোল ছিটানো, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং মানুষ হত্যার ঘটনা ঘটছে।
তিনি বলেন, সরকার শান্তিপূর্ণভাবে এসব পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও সক্রিয় হতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন