নভেম্বর ২৯, ২০২৬, ০৪:৫৮ এএম
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা জামায়াতে ইসলামী ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে এই কথা বলতে শোনা যায়।
ওই হুঁশিয়ারির সূত্রপাত কুষ্টিয়া শহরের জুগিয়ায় একটি হামলাকে কেন্দ্র করে। গত ২৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় জামায়াত নেতা শাহজাহান আলীর বাড়ি ও কার্যালয়ে হামলা হয়। সেখানে ভাঙচোর ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি তাজা গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করে।
শাহজাহান আলী ও আমির হামজার অভিযোগ, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ওই হামলা চালিয়েছেন। পরদিন জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, গড়াই নদীর বালুরঘাটের ইজারা, বালু উত্তোলন ও সড়কের ক্ষতি ঘিরে এই বিরোধের সূত্রপাত। সেই বিরোধের জেরে হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযোগ অস্বীকার করেছেন কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু। তার দাবি, বালুঘাটে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল।
হামলায় আহত কর্মীরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাদের দেখতে যান আমির হামজা। সেখানে কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জামাত ছেড়ে দেব।
কোন শর্তে দল ছাড়বেন তা স্পষ্ট হয় পরদিন শুক্রবার রাতে। রাত ৯টার কিছু আগে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ফটো কার্ড প্রকাশ করা হয়। তাতে লেখা ছিল, কর্মীদের উপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে তিনি জামায়াত ছেড়ে দেবেন।
রাত ১০:৩০ টার পর পেজ থেকে ফটো কার্ডটি সরিয়ে নেওয়া হয়। তবে কেন সরানো হলো সে বিষয়ে আমির হামজার পক্ষ থেকে কিছু বলা হয়নি। তাই হুঁশিয়ারিটি এখনো বহাল আছে কিনা তা স্পষ্ট নয়।
এর আগে তাকে ঘিরে নারী সংক্রান্ত অডিও-ভিডিও হাতে পাওয়ার দাবি করেছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সেই অভিযোগকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দেন আমির হামজা। গত কয়েক সপ্তাহ ধরে এমন বিতর্ক পিছু ছাড়ছে না কুষ্টিয়ার এই সংসদ সদস্যের।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন