নভেম্বর ২৯, ২০২৬, ০৫:১২ এএম
শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাতে বসেছে নানা রং, আকার ও পুরুত্বের কম্বল ও লেপের দোকান। বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে নগরীর বিভিন্ন এলাকা।
সাশ্রয়ী দামে শীতবস্ত্র কিনতে এসব দোকানে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মান, আকার ও পুরুত্বভেদে ২০০ টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত দামে মিলছে কম্বল ও লেপ।
জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা পুরোনো কম্বলের পাশাপাশি নতুন কম্বল, কমফোর্টার ও বিভিন্ন ধরনের শীতের পোশাকও বিক্রি হচ্ছে এসব বাজারে। ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী দরদাম করে কিনছেন প্রয়োজনীয় শীতবস্ত্র।
নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল এলাকা, নিউমার্কেট মোড়, সিনেমা প্যালেস, লালদীঘি, জিইসি, বন্দরটিলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, চকবাজার, বহদ্দারহাট, অক্সিজেন, আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা ও বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় ফুটপাতে এসব অস্থায়ী বাজার জমে উঠেছে।
ব্যবসায়ী আবদুল করিম বলেন, বিদেশ থেকে বেল আকারে আমদানি করা পুরোনো কম্বলের চাহিদা বরাবরই বেশি। মৌসুমের শুরুতে যারা এসব কম্বল কেনেন, তারা মূলত সাশ্রয়ী দামে ভালো মানের কম্বল পেতে চান। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সামনের ফুটপাতে কম্বল বিক্রেতা নুরুল ইসলাম বলেন, তারা খাতুনগঞ্জ থেকে বেল আকারে কম্বল সংগ্রহ করে খুচরা বিক্রি করেন। এসব কম্বলের মধ্যে বড় আকারের ও উন্নত মানের কম্বল পাওয়া যায় বলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে এসব বাজার বেশ জনপ্রিয়।
স্টেশন রোড এলাকার বিক্রেতা জহির আহমেদ বলেন, শীত মৌসুমে তারা নতুন ও পুরোনো দুই ধরনের কম্বলই বিক্রি করেন। তবে বিদেশি কম্বলের চাহিদা তুলনামূলক বেশি। চট্টগ্রামের খুচরা শীতবস্ত্রের বাজারের বড় অংশের সরবরাহ আসে খাতুনগঞ্জ, জহুর হকার্স মার্কেট, টেরিবাজার ও রেয়াজউদ্দিন বাজারের পাইকারি বাজার থেকে। এসব বাজারে বিদেশ থেকে আমদানি করা পুরোনো শীতবস্ত্র বেল আকারে বিক্রি হয়। চলতি মৌসুমে বিদেশি সেকেন্ডহ্যান্ড কম্বলের প্রতি বেলে দাম ১২ হাজার থেকে ২৬ হাজার টাকা। প্রতি বেলে থাকে ২৮ থেকে ৩০টি কম্বল।
রাঙ্গুনিয়া থেকে কম্বল কিনতে আসা বোরহান উদ্দিন বলেন, বাড়িতে কাঁথা থাকলেও পাহাড়ি এলাকার শীত নিবারণে তা যথেষ্ট নয়। তাই কম দামে ভালো মানের কম্বল কিনতে ফুটপাতের বাজারে এসেছেন। তবে ব্যবহারের আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। ব্যবসায়ীরা জানান, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে কম্বল ও অন্যান্য শীতবস্ত্রের চাহিদাও বাড়বে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী দামের এসব ফুটপাতের বাজার শীত নিবারণের অন্যতম ভরসা হয়ে উঠেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন