রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

ইরানের দাবি মার্কিন ক্যারিয়ারে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৪:২০ এএম

ইরানের দাবি মার্কিন ক্যারিয়ারে ক্ষেপণাস্ত্র হামলা

ইউএসএস আব্রাহাম লিংকন থেকে যুদ্ধবিমান। ফাইল ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

যুদ্ধের প্রথম দিনেই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইরান। তেহরানের দাবি, প্রথমবার যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করা একটি ক্ষেপণাস্ত্র দিয়েই এই হামলা চালানো হয়েছিল।

দাবিটি সামনে এনেছেন ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল শাহরাম ইরানী। তার ভাষ্য অনুযায়ী, হামলার পর রণতরীটির ক্ষয়ক্ষতি সামাল দিতে এবং আহত ও নিহতদের সরিয়ে নিতে আঞ্চলিক বন্দরগুলোর সহায়তা চায় মার্কিন নৌবাহিনী।

ইরানের দাবি, হামলার পর থেকেই মার্কিন নৌবাহিনীর গতিবিধির উপর নজরদারি আরও জোরদার করেছে তারা। ইরানের নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌ ইউনিট যৌথভাবে পরিচালনা করেছে সামুদ্রিক প্রতিরক্ষা অভিযান।

তেহরানের দাবি, পারস্য উপসাগর পেরিয়ে ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরেও মার্কিন বাহিনীর অগ্রযাত্রা আটকে দিয়েছে ইরান। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়েও কঠোর অবস্থানে তেহরান।

শাহরাম ইরানীর দাবি, সমুদ্রপথে কিংবা আকাশপথে চালকবাহী অথবা চালকবিহীন কোনো যানকেই এই প্রণালী দিয়ে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে না। প্রণালী বন্ধ রাখার নির্দেশ এখনো বহাল।

এর মধ্য দিয়ে সমুদ্রপথে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বার্তাও দিতে চাইছে ইরান। এদিকে ডেনা ডেস্ট্রয়ারে হামলার প্রতিশোধ নেওয়ার হুশিয়ারিও দিয়েছেন শাহরাম ইরানী। গত ৪ মার্চ শ্রীলংকার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ইরানের এই যুদ্ধজাহাজে হামলায় চার নৌসেনা নিহত হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এর জবাব দেওয়া হবে যুদ্ধক্ষেত্রেই।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আলী আব্দুল্লাহ হিলো যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।

তবে তেহরানের এসব দাবির বিপরীতে কঠোর অবস্থান নিয়েছে ওয়াশিংটন। একদিকে ইরানের দাবি মার্কিন নৌশক্তির উপর সরাসরি আঘাত হানার, অন্যদিকে ওয়াশিংটনের অস্বীকার। এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই হরমুজ থেকে ওমান সাগর এমনকি ভারত মহাসাগর পর্যন্ত আরও তীব্র হচ্ছে সামুদ্রিক আধিপত্যের লড়াই।

তথ্যসূত্র: প্রেস টিভি