নভেম্বর ২৬, ২০২৬, ০৪:৩৭ পিএম
সৌদি আরবের অর্থনৈতিক ও কৌশলগত স্থাপনাগুলো নতুন করে বড় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। বিপুল প্রতিরক্ষা বাজেট ও অত্যাধুনিক সমরাস্ত্র থাকা সত্ত্বেও ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় রিয়াদকে বারবার হিমশিম খেতে হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবি করেছে হুতিরা। এর আগের দিন মঙ্গলবার রিয়াদের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে হামলায় ১১ জন আহত হন।
হুতিদের সামরিক মুখপাত্রের দাবি, রাস তানুরার হামলায় শোধনাগারে আগুন লেগেছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, রাস তানুরার আকাশে চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে; শোধনাগারে আঘাত হানার কথা তারা নিশ্চিত করেনি। উপগ্রহ চিত্রে শোধনাগার এলাকায় ঘন কালো ধোঁয়ার উপস্থিতি ধরা পড়েছে।
রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে মঙ্গলবারের হামলায় আহতদের মধ্যে সৌদি নাগরিক দুজন, ভারতীয় দুজন, নেপালি তিনজন ও মিসরীয় চারজন রয়েছেন বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। এক সপ্তাহের মধ্যে একই টাওয়ারে এটি দ্বিতীয় হামলা, আর এই হামলার দায় স্বীকার করেছে হুতিরা।
গোষ্ঠীটি ২০০৪ সালে সশস্ত্র বিদ্রোহ শুরু করে। ২০১৪ সালে তারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামরিক সরঞ্জামের নিয়ন্ত্রণ নেয়।
২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা সত্ত্বেও তারা টিকে আছে। দুই দশকের যুদ্ধের অভিজ্ঞতা, ইরানের সামরিক সহায়তা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং নিজস্ব অস্ত্র তৈরির সক্ষমতাই তাদের শক্তির ভিত্তি হয়ে উঠেছে।
হুতিরা সৌদি আরবের ভেতরে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন