বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
বিশ্ব সংবাদ

গাজায় হামাস কর্মকর্তা ও তার পরিবারের চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৩:৩১ এএম

গাজায় হামাস কর্মকর্তা ও তার পরিবারের চারজন নিহত

গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের দৃশ্য। ছবি: উইকিমিডিয়া কমন্স

গাজার শাতি শরণার্থী শিবিরে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের উত্তর গাজা প্রধান মুহাম্মদ মাজিদ আবু আল-আউফ নিহত হয়েছেন। তার স্ত্রী ও ১৩ ও ১৫ বছর বয়সী দুই মেয়েও নিহত হয়েছে বলে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে গাজা সিটির পশ্চিমে উপকূলের কাছে শাতি শরণার্থী শিবিরে এই হামলা হয়। চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, হামলায় আবু আল-আউফের অ্যাপার্টমেন্টটি ধ্বংস হয়ে যায়। আল-শিফা হাসপাতালের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, একই পরিবারের চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলাটিকে ভয়াবহ গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। তাদের ভাষায়, এটি গাজা উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে ফিলিস্তিনি সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর চলমান প্রচেষ্টার অংশ।

এই হামলা হয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম আবু নাহাল নিহত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময় পর। মঙ্গলবার গাজা সিটির পশ্চিমে এক হামলায় আবু নাহাল নিহত হন বলে হামাসের সূত্র জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ও শিন বেত যৌথ বিবৃতিতে হামাসের এক জ্যেষ্ঠ সদস্যের ওপর হামলার কথা জানিয়েছে, তবে তার নাম প্রকাশ করেনি।

মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আবু নাহালের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আবু নাহাল নিহত হওয়ার পর নেতানিয়াহু বলেছিলেন, হামাসের জন্য কোনো পালানোর পথ নেই। সেপ্টেম্বরে তার পূর্বসূরি মোয়েন আল-আরবিদকে আটক করার পর আবু নাহাল এই পদে নিযুক্ত হয়েছিলেন।

ইসরায়েলি সামরিক বাহিনী ও শিন বেত আবু আল-আউফকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে এবং তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে। তাদের ভাষায়, তিনি ইসরায়েলি সেনা ও বেসামরিকদের ওপর হামলা এগিয়ে নিচ্ছিলেন এবং হামাসের সক্ষমতা পুনর্গঠন করছিলেন, যা যুদ্ধবিরতির নিয়মিত লঙ্ঘন। তিনি যে হুমকি সৃষ্টি করছিলেন, তা দূর করতেই তাকে হত্যা করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষায়, হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ গাজায় নিজেদের শাসন টিকিয়ে রাখতে ব্যবহৃত হয়। সেনাবাহিনী দাবি করেছে, যুদ্ধের সময় এই বিভাগ হামাসের বিরোধীদের হত্যা ও নির্যাতন কেন্দ্র চালানোর জন্য দায়ী ছিল।

বুধবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসা সূত্র ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খান ইউনিসের পশ্চিমে একটি পুলিশ চৌকিতে হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছে গাজার উদ্ধার পরিষেবার একটি সূত্র।

একই দিনে গাজার আরও কয়েকটি স্থানে হামলার খবর এসেছে। গাজা সিটির আল-কারামা এলাকায় ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর উত্তরের জাবালিয়া আল-বালাদে বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে হামলায় আরও একজন নিহত হয়েছেন। খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোরী আহত হয়েছে বলে জানিয়েছে নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসা সূত্র।

হামলাগুলো চলমান যুদ্ধবিরতির মধ্যেই ঘটেছে। হামাস এই হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে। অক্টোবর ২০২৫-এ যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই এর লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে; যুদ্ধবিরতি চলাকালে অন্তত ১ হাজার ৬৮০ জন নিহত ও ৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

হামাস যুদ্ধবিরতির জামিনদার রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা অবিলম্বে হস্তক্ষেপ করে দখলদারিত্বকে নিয়ন্ত্রণে আনে, অপরাধ বন্ধ করে এবং চুক্তির পথে ফিরতে বাধ্য করে।

তথ্যসূত্র: আল জাজিরা, রয়টার্স