নভেম্বর ২৬, ২০২৬, ০২:৫৭ এএম
ঘূর্ণিঝড় আকভানের টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় দেশের ১৬ জেলায় ২৩ হাজার ১০০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ধান প্রায় সাত হাজার হেক্টর, সরিষা সাত হাজার ৬০০ হেক্টর ও নানা সবজি পাঁচ হাজার হেক্টর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে এই চিত্র উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অধিদপ্তরের হিসাবে আক্রান্ত জেলার মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মৌলভীবাজার, নড়াইল, বাগেরহাট, যশোর ও চাঁদপুর। গত ১৮ থেকে ২১ নভেম্বর দেশের ৬৪ জেলাতেই বৃষ্টি ঝরেছে, যা পুরো নভেম্বর মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের সমান বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এবার দেশে ৫৭ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ২৬ শতাংশ ধান এ পর্যন্ত কাটা হয়েছে। ধান কাটা ও মাড়াইয়ের এই মৌসুমে টানা বৃষ্টি কৃষকের ঘরে তোলা ফসল ভিজিয়ে দিয়েছে। কাটা ধান জমিতে ফেলে রাখায় অনেক জায়গায় তা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নতুন করে রোপণ করা সবজি ও বোরো ধানের বীজতলার চারা পচে যাওয়ার ঝুঁকিও দেখা দিয়েছে।
তবে অঞ্চলভিত্তিক হিসাবে আক্রান্ত জমির পরিমাণ আরও বেশি দেখা যাচ্ছে। বরিশাল অঞ্চলের ছয় জেলায় ৪৮ হাজার ৭১৩ হেক্টরের বেশি জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ৩০ হাজার ৪৩০ হেক্টর ও অন্যান্য ফসল ১৮ হাজার ২৮৩ হেক্টর। অঞ্চলের ছয় জেলা হলো বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা ও ভোলা।
জেলাভিত্তিক হিসাবে বরিশালে ৯ হাজার ৩৩ হেক্টর আমন ধান ও ৩ হাজার ৫৯ হেক্টর অন্যান্য ফসল আক্রান্ত হয়েছে। পিরোজপুরে এ পরিমাণ ৫ হাজার ২৭৫ ও ২ হাজার ২০৪ হেক্টর, ঝালকাঠিতে ৮ হাজার ১৪৮ ও ১ হাজার ৯৫৬ হেক্টর, পটুয়াখালীতে ১ হাজার ১০৭ ও ৩৭২ হেক্টর, বরগুনায় ৪ হাজার ৯৮৭ ও ৬ হাজার ৫২৫ হেক্টর এবং ভোলায় ১ হাজার ৮৮০ ও ৪ হাজার ১৬৭ হেক্টর। খেসারি ডালের ১৩ হাজার ৩৪ হেক্টর ও শীতকালীন সবজির ৪ হাজার ১০১ হেক্টর জমিও আক্রান্ত হয়েছে।
সাতক্ষীরায় ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল পানিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ২ হাজার ২৭১ হেক্টর, সরিষা ২ হাজার ৭২৯ হেক্টর ও শাকসবজি ৫২১ হেক্টর। আলু, খেসারি, মরিচ, পেঁয়াজ ও রসুনের জমিও পানিতে ডুবেছে। জেলার সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকার কৃষক আব্দুল ওহাব চার বিঘা জমিতে সরিষার আবাদ করেছিলেন, বৃষ্টির পানিতে পুরো জমি তলিয়ে গেছে।
সাতক্ষীরায় কাটা আমন ধান পানিতে তলিয়ে যাওয়ায় অনেক কৃষক ক্ষতির মুখে পড়েছেন। বাজারে প্রতি মণ আমন ধান বিক্রি হচ্ছে এক হাজার ৪০ টাকায়। এই দরে উৎপাদন খরচ তোলা নিয়েই শঙ্কায় রয়েছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. জামালউদ্দীন বলেন, ঘূর্ণিঝড়টি সাতক্ষীরার উপকূলে সরাসরি আঘাত না হানলেও কয়েক দিনের টানা বৃষ্টিতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঝিনাইদহে আমনের আবাদ হয়েছে ১ লাখ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে। এর মধ্যে ২ হাজার ৫৯৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়া পেঁয়াজের ৮৫০ হেক্টর, সবজির ৬৫৩ হেক্টর, মসুর ও মাসকলাইয়ের ২১৮ হেক্টর, ভুট্টা ও গমের ১৩৭ হেক্টর, সরিষার ৪৮৯ হেক্টর ও রসুনের ১৪৬ হেক্টর জমি পানিতে আক্রান্ত হয়েছে। জেলার ছয় উপজেলায় নানা মাত্রায় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান।
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের কৃষক নায়েব আলী চার বিঘা জমির আমন ধান কেটে শুকাতে দিয়েছিলেন। আকভানের বৃষ্টিতে কাটা ধান ভিজে গেছে, জমির একাংশ পানিতে তলিয়ে গেছে। তিনি বলেন, প্রতি বিঘা চাষ করতে ১২ হাজার থেকে ১৪ হাজার টাকা খরচ হয়েছে। ধান বাঁচাতে না পারলে তার পুরো লোকসান হবে।
ঝিনাইদহ সদর উপজেলার কৃষক নজরুল ইসলামের বাঁধাকপি, ফুলকপিসহ নানা সবজির জমিতে পানি জমে গেছে। তিনি বলেন, আরও বৃষ্টি হলে ফসল নষ্ট হয়ে যেতে পারে।
মৌলভীবাজারের কবিরাজি গ্রামের কৃষক সাজু মিয়া বলেন, পাকা ধান সময়মতো ঘরে তুলতে না পারলে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি মানও খারাপ হবে। বাজারে ধানের দাম এমনিতেই কম, তার ওপর শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
কুলাউড়া উপজেলার কৃষক সাহাদাত হোসেন বলেন, মনু নদীর তীরে ধানের পাশাপাশি লাউ, বেগুন, আলু, শিম ও করলার জমিও বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, কৃষকদের বড় ধরনের ক্ষতি হলে প্রশাসন প্রয়োজনীয় সহায়তা দেবে।
যশোরের শ্যামলাগাছি গ্রামের কৃষক আবুল হোসেন ধান কেটে জমিতেই রেখেছিলেন। বৃষ্টিতে সেই ধান ভিজে গেছে। তিনি বলেন, রোদ না উঠলে ধান শুকিয়ে ঘরে তোলা যাবে না। বৃষ্টি চলতে থাকলে ফসল পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন বলেন, অনেক কৃষক আমন কাটা শেষ করেছেন। তবে যারা কাটা ধান জমিতে রেখেছিলেন, তাদের ধান বৃষ্টিতে ভিজেছে বলে জানান তিনি।
পটুয়াখালীতে তিন দিনের বৃষ্টিতে জসিম খানের জমির ধানগাছ হেলে পড়েছে। তিনি বলেন, ধান এভাবে পানিতে থাকলে দানা নষ্ট হয়ে যেতে পারে। তাতে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।
রাঙ্গাবালী উপজেলার চর নাজির গ্রামের কৃষক হাবিব মৃধা বলেন, তার বীজতলার চারা এখনো ছোট। পানি বেশিক্ষণ জমে থাকলে চারার শিকড় পচে বীজতলা নষ্ট হতে পারে। তখন আবার বুনতে বাড়তি খরচ হবে বলে জানান তিনি।
কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে শাকসবজি ১ হাজার ৭৬ হেক্টর, রোপা আমন ২১৮ হেক্টর, সরিষা ৩৮১ হেক্টর, মরিচ ১২৭ হেক্টর ও ধনিয়া ১২০ হেক্টর। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, এ মৌসুমে জেলায় ১ লাখ ২৯ হাজার ৯৬৩ হেক্টর জমিতে নানা ফসলের আবাদ হয়েছে।
চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোরশেদ আলম বলেন, বৃষ্টি শেষ হওয়ার কয়েক দিন পর মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা যাবে। জমিতে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তবে জমিতে পানি জমে না থাকলে ক্ষতির পরিমাণ বেশি হবে না বলে জানিয়েছেন বরিশালের কৃষি কর্মকর্তারা। আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতির আশঙ্কা কম থাকবে বলে মনে করছেন তারা।
সাতক্ষীরা আবহাওয়া কার্যালয় জানিয়েছে, নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশে রোদ থাকবে। ফলে মাঠে থাকা ধান শুকিয়ে ঘরে তুলতে পারবেন কৃষকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন