নভেম্বর ২৬, ২০২৬, ০২:৩০ এএম
সাত দফা দাবি আদায়ে দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের সব জেলায় এই কর্মসূচি পালিত হবে। বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদও জানানো হবে বলে তিনি জানান।
তিনি বিক্ষোভ সমাবেশ ও মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট জেলা জামায়াতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি কর্মসূচি সফল করতে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ করা। জোটের নেতারা বলেছেন, এই সাত দফার মধ্যে প্রথম ও প্রধান দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন।
এর আগে গত ৩১ অক্টোবর এই সাত দফা দাবি আদায়ে ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করেছিল ১১ দলীয় ঐক্য। সেদিন সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান সেদিন বলেন, সাত দফার মূল দাবি গণভোটের রায় বাস্তবায়ন। জনগণ পাশে থাকলে সব দাবি আদায় করা হবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, তাঁরা কোনো ব্যক্তিগত বা দলীয় দাবি নিয়ে রাস্তায় নামেননি।
ডা. শফিকুর রহমান সেদিন আরও বলেন, বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া হয়নি। তরুণদের উদ্দেশে তিনি বলেন, আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে। তাঁর অভিযোগ, বিএনপি সরকার জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছে এবং গণভোটের রায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে। তিনি বলেন, আমরা কথা দিচ্ছি, জনগণ আমাদের সঙ্গে থাকলে এই সাত দফা দাবি বাস্তবায়ন করব।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি ও দলীয় কোন্দল বেড়েছে। তাঁর দাবি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে প্রায় ২০০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ওই আন্দোলনে সহস্রাধিক মানুষ নিহত এবং প্রায় ৪০ হাজার মানুষ আহত হয়েছেন, অনেকে এখনো দেশে-বিদেশে চিকিৎসাধীন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসন, নির্বাচন কমিশন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিচার বিভাগসহ বিভিন্ন জায়গায় দলীয়করণ চলছে। তাঁর ভাষায়, সরকার গণভোটের রায় অস্বীকার করে রাজনৈতিক সংকট তৈরি করছে এবং এ সংকটের সমাধান সংসদেই করতে হবে।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার ঢাকা ছাড়া দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবারের কর্মসূচি সেই ধারাবাহিকতায় দেশের সব জেলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।
জামায়াতের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দলের সবাইকে থাকতে হবে। দলটির নেতারা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্য অটুট থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন