বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
দুর্নীতি অনুসন্ধান

অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে তলব করা হলো মেঘনা আলমকে

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ১১:০৫ এএম

অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে তলব করা হলো মেঘনা আলমকে

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে তাকে বুধবার হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছিল।

দুদক সূত্রে জানা গেছে, গত চার নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন ওই তলবি চিঠি দেন। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। ওই অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবেই তাকে তলব করা হয়।

মেঘনা আলম একাধারে একজন মডেল, উদ্যোক্তা এবং রাজনীতিবিদ। ২০২০ সালে ‍‍`মিস আর্থ বাংলাদেশ‍‍` খেতাব অর্জন করে তিনি আলোচনায় আসেন। পেশাগত জীবনে তিনি ‍‍`মিস বাংলাদেশ ফাউন্ডেশন‍‍`-এর চেয়ারপারসন এবং ‍‍`একত্র ফাউন্ডেশন‍‍`-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক অঙ্গনেও তার সক্রিয়তা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণঅধিকার পরিষদের মনোনয়নে ‍‍`ট্রাক‍‍` প্রতীক নিয়ে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি তিনি।