নভেম্বর ১৮, ২০২৬, ১১:৩০ এএম
বৃহস্পতিবার ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে উত্তরের এই সীমান্তঘেঁষা জেলায় এটিই তার প্রথম সফর। দীর্ঘ প্রতীক্ষিত এই সফরকে কেন্দ্র করে গোটা জেলা শহরে এখন সাজ সাজ রব এবং বইছে উৎসবের আমেজ। প্রিয় নেতাকে বরণ করে নিতে এরই মধ্যে শহরে আনন্দ মিছিল ও সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
একদিকে কালেক্টরেট মাঠে চলছে সমাবেশস্থলের বিশাল প্যান্ডেল তৈরির কর্মযজ্ঞ, অন্যদিকে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ের গোলচত্বরে নিপুণ হাতে ফুটিয়ে তোলা হয়েছে নতুন নকশা ও দৃষ্টিনন্দন কারুকার্য। দলীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর সকালে লালমনিরহাটে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। সেখানকার কাজ শেষে তিনি মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সবশেষে লালমনিরহাট কালেক্টরেট মাঠে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘আলোকিত লালমনিরহাট’ নামের একটি ব্যতিক্রমী সামাজিক আন্দোলন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর উদ্যোগে পরিচালিত এই সংগঠনটি এরই মধ্যে জেলার সামাজিক চিত্র পাল্টে দিয়েছে। জুয়া, ক্যাসিনো, মাদক, বাল্যবিয়ে ও যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলে সংগঠনটি অভাবনীয় সাফল্য অর্জন করেছে। গত ৪ জুলাই বর্তমান রাষ্ট্রপতি (তৎকালীন বিএনপি মহাসচিব) মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন মন্ত্রী এই মহতী উদ্যোগের উদ্বোধন করেছিলেন। লালমনিরহাটের গণ্ডি পেরিয়ে সংগঠনটির এই অপরাধ দমন মডেল এখন আশপাশের কয়েকটি জেলায়ও সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতি চলছে। ১৯ তারিখের বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী মূলত এই সফল উদ্যোগেরই একটি বড় আয়োজনে অংশ নিতে যাচ্ছেন।
সংগঠনটির সভাপতি ও জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান জানান, আলোকিত লালমনিরহাট আমাদের একটি সামাজিক আন্দোলন। মাননীয় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর দিকনির্দেশনায় এই প্রচেষ্টা আজ নতুন মাত্রায় পৌঁছেছে। সদর উপজেলায় অপরাধ ব্যাপকভাবে কমে গিয়েছে এবং জনমানুষের মধ্যে শান্তি ফিরেছে। আমাদের এই সফল আন্দোলনটি দেখতেই মাননীয় প্রধানমন্ত্রী লালমনিরহাটে আসছেন।
প্রধানমন্ত্রীর প্রথম সফর হওয়ায় উত্তরের অবহেলিত এই জেলার মানুষের প্রত্যাশাও এখন আকাশচুম্বী। স্থানীয়রা চাচ্ছেন, প্রধানমন্ত্রী যেন লালমনিরহাটবাসীর জন্য এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে যান যা জেলার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সচেতন নাগরিক সুফিয়ান আল হাসান জানান, প্রধানমন্ত্রী প্রথমবারের মতো লালমনিরহাট আসছেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই মডেল সারা দেশে ছড়িয়ে দিয়ে দেশকে অপরাধমুক্ত করার উদ্যোগ তিনি নেবেন বলে আমরা আশা রাখি। আরেক সচেতন নাগরিক মেহেদী হাসান জুয়েল জানান, লালমনিরহাটবাসী দীর্ঘদিন অবহেলিত। আমাদের একটি পরিত্যক্ত বিমানবন্দর রয়েছে, যা চালু হলে বুড়িমারী স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের আমূল পরিবর্তন ঘটত। বর্তমানে আমাদের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে হচ্ছে। এছাড়া বড়বাড়ী-বুড়িমারী মহাসড়ক সংস্কার এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দরটি পুনরায় চালু করার দাবি জানান তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জানান, দীর্ঘ ২১ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমনে লালমনিরহাটের দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ অত্যন্ত উজ্জীবিত। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে এই অপরাধ দমন মডেল তিনি সারা দেশে চালুর ঘোষণা দিতে পারেন। আমরা আশাবাদী, জেলার অর্থনৈতিক ও অবকাঠামোগত দাবিগুলোর বিষয়েও তিনি ইতিবাচক পদক্ষেপ নেবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন