নভেম্বর ১৮, ২০২৬, ১১:৪২ এএম
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই আকস্মিক হামলায় অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল আটটার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত ওই কার্যালয়ে এই হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি ও ইটপাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক ভবনে হামলা চালায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের সামনের কাচের দেয়াল সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে এবং লিফটের চারপাশে থাকা ঘেরাওয়ের অংশও ব্যাপক ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা চালালেও কাচের দরজা বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেনি বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা। হামলার ঘটনার পর ভবনের প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নেন।
শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাঁরা সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন এবং ঘটনার সময় তাঁরাও ওই ভবনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০-২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। এ সময় তাঁরা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাঁরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন। এ সময় পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হলেও হামলার বেশির ভাগ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করেন তিনি।
মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করেই চালানো হয়েছে। কারণ, ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাঁদের কার্যালয়েই সবচেয়ে বেশি ভাঙচুর চালানো হয়েছে এবং ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও বিশেষভাবে ভাঙচুর করা হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানের বিরোধিতাও এই হামলার পেছনে অন্যতম কারণ হতে পারে বলে তিনি ধারণা করছেন। হামলার পর ভবনটিতে নিরাপত্তা জোরদার করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে সেখানে তাৎক্ষণিকভাবে দেখা যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন