বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
বাজারদর

সোনার দামে স্বস্তি: বাজুসের নতুন ঘোষণায় কমল ২২ ক্যারেটের ভরি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ১১:৩৬ এএম

সোনার দামে স্বস্তি: বাজুসের নতুন ঘোষণায় কমল ২২ ক্যারেটের ভরি

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। ভরি প্রতি দুই হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং নতুন এই দাম একই দিন সকাল দশটা থেকেই কার্যকর করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণ ও রুপার এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম দুই লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ৭৬ হাজার ৭০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি স্থানীয় বাজারে কমেছে রুপার দামও। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৮০ টাকা নির্ধারণ করেছে বাজুস। সংস্থাটি জানিয়েছে, স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের কোনো সুযোগ নেই। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে।

বাজুসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৩ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।