নভেম্বর ১৭, ২০২৬, ০৪:১৯ এএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারি চাকরি দেওয়ার নাম করে ২৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ফতুল্লার দেওভোগ এলাকার দাতা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন আমজাদ হোসেন ও তার মেয়ে লাকী আক্তার। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী নিজাম উদ্দিনের থান কাপড়ের ব্যবসা রয়েছে। ২০২১ সালের প্রথম দিকে জামাতার মাধ্যমে লাকী আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। লাকী নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে ভালো যোগাযোগ থাকার কথা জানান।
পরিবারের তিনজনকে চাকরি দেওয়ার প্রলোভন দেখান অভিযুক্ত লাকী। তার কথামতো আমজাদ হোসেনও চাকরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করেন। নিজাম উদ্দিনের ছেলে আবিদ হোসেনকে এনএসআইয়ে এবং মেয়ে ও পুত্রবধূকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
২০২১ সালের মে মাস থেকে বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার আশ্বাসে নগদ টাকা নেন ওই দুজন। পরবর্তীতে নিজাম উদ্দিন চাকরির জন্য চাপ দিলে লাকী আক্তার একটি ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রদান করেন। এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হয় আবিদকে।
গত জুলাই মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানা পুলিশ আবিদকে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আটক করে। ওই ঘটনায় রাজপাড়া থানায় মামলা হলে তাকে দীর্ঘদিন জেল খাটতে হয়।
পরবর্তীতে প্রতারকদের কাছে টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এ ঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় প্রতারণার মামলা দায়ের করেন। সোমবার দুপুরে গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন