নভেম্বর ১৭, ২০২৬, ০১:২৩ এএম
কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার স্থানীয় সময় সকালে আইকাওর সদর দপ্তরে সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা, জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস এবং কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন বক্তব্য দেন। বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা এই আয়োজনে অংশ নিচ্ছেন। পরিবর্তনের এই বৈশ্বিক পরিস্থিতিতে বিমান খাতের নিরাপত্তা ও টেকসই প্রবৃদ্ধি নিয়ে আলোচনা চলছে।
পরিবর্তনশীল বিশ্বে বৈশ্বিক যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে বিমান পরিবহনকে আরও কার্যকর করে তোলা এই সম্মেলনের মূল প্রতিপাদ্য। দীর্ঘ তেরো বছর বিরতির পর সপ্তমবারের মতো এই আয়োজন করছে সংস্থাটি। প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল ২০৫০ সাল পর্যন্ত বৈশ্বিক বিমান শিল্পের সম্ভাব্য পরিবর্তন নিয়ে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা।
বাংলাদেশি প্রতিনিধি দলে মন্ত্রীর সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এস এম লাভলুর রহমানও যোগ দিয়েছেন। ভৌগোলিক অবস্থান ও অর্থনীতির প্রসারের কারণে আন্তর্জাতিক বিমান যোগাযোগে দেশের গুরুত্ব বাড়ছে। বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণে এই আসর নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।
আইকাওয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে আকাশপথে যাত্রী পরিবহনের পরিমাণ ছিল চার শ ষাট কোটি। আগামী ২০৫০ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে বারো শ চল্লিশ কোটিতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আসছে ১৯ ও ২০ নভেম্বর আইকাও সদর দপ্তরে সংস্থাটির অ্যাসেম্বলির তেতাল্লিশতম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে নতুন সদস্য রাষ্ট্র নির্বাচনের পাশাপাশি সমাপনী পর্যায়ে একটি মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্র গৃহীত হওয়ার কথা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন