সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

জবিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর ও হস্তান্তর

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৬:৩৫ পিএম

জবিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর ও হস্তান্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক কর্মকর্তারা।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে তাদের আটক করা হয়। এ সময় বাংলা বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি জব্দ করেন তারা।

আটককালে ক্যাম্পাসে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। আটক পাঁচ কর্মকর্তা হলেন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল। দপ্তরগুলোতে সংশ্লিষ্টদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। ক্যাম্পাসে বসে শিক্ষার্থীদের টাকা দিয়ে ফ্যাসিবাদের জোগানদাতা এসব কর্মকর্তা এবং সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আটক এসব কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক জানান, উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শেষ পর্যন্ত প্রক্টর অফিসে আটক কর্মকর্তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।