নভেম্বর ১৬, ২০২৬, ০৫:৫৫ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের এই সংগঠন।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতা রাজধানীতে একত্রিত হয়ে এই হামলার পরিকল্পনা করছিলেন। দেশের একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাসভবনে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।
এ ধরনের হীন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে ফের অস্থিতিশীলতা ও ভীতির পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক নেতারা। কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে এমন অপচেষ্টা মেনে নেওয়া যায় না বলে বিবৃতিতে জানানো হয়।
ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাদা দলের নেতারা। একই সঙ্গে এই হামলার নেপথ্যে ইন্ধনদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
রাজনীতিতে সহিংসতা ও অস্থিতিশীলতা তৈরির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন