নভেম্বর ১৫, ২০২৬, ০৫:১৭ পিএম
পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ও কার্যকর আইনি কাঠামোর অভাবে দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই তথ্য ফাঁস কেবল ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন নয়, বরং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার ওপর একটি বড় আঘাত।
রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জাতীয়তাবাদী আইসিটি ফোরাম এই সেমিনারের আয়োজন করে।
উপযুক্ত সাইবার আইন এবং প্রযুক্তির সঠিক ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের তথ্য এভাবে অন্য দেশে যাওয়ার সুযোগ থাকত না বলে উল্লেখ করেন রিজভী। তিনি জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থী ও বিদেশে থাকা দক্ষ প্রযুক্তিবিদদের কাজে লাগিয়ে রাষ্ট্রকেই সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় অন্য দেশ এই সুযোগ নিয়ে নিজেদের মতো করে কৌশল ও পলিসি প্রয়োগ করতে পারে।
প্রযুক্তির অপব্যবহারের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে মানুষের ব্যক্তিগত ফোনালাপ পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে, যা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন। বিজ্ঞান ও প্রযুক্তি যখন মানুষের নৈতিকতার বাইরে চলে যায়, তখন তা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে আনে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন।
সেমিনারে বিদ্যুৎ, ব্যাংকিং, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা ও সরকারি ডিজিটাল সেবার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। সাইবার হুমকি মোকাবিলায় নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা এবং দক্ষ বিশেষজ্ঞ তৈরির পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন