নভেম্বর ১৫, ২০২৬, ০৪:৩৬ পিএম
দুবাইয়ের একটি রেস্তোরাঁয় কাজ করার সুবাদে পরিচয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে দুজনের সম্মতিতে দুবাইয়ের আদালতেই সম্পন্ন হয় তাদের বিয়ে। ভালোবাসার টানেই ভারতের কেরালা রাজ্য থেকে ছুটে এসে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর বাড়িতে ওঠেন অশ্বিনী নামের এক তরুণী। তাঁর স্বামী মাসুদ রানা উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা।
ভিনদেশি এই তরুণীর পীরগঞ্জে আগমনের খবর ছড়িয়ে পড়ায় তাকে একনজর দেখার জন্য প্রতিদিন রানার বাড়িতে আশপাশের এলাকার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
গত শনিবার রানার বাড়িতে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জীবিকার সন্ধানে ২০২১ সালের শেষ দিকে দুবাই পাড়ি দেন মাসুদ রানা। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন তিনি। এর প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় কাজের সুবাদে যোগ দেন ভারতের কেরালার তরুণী অশ্বিনী। কর্মস্থলেই তাদের প্রথম পরিচয় হয়। ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মাসুদ রানা জানান, একে অপরকে ভালোবেসে তারা দুবাইয়ের আদালতে আইনগতভাবে বিয়ে করেন। এরপর সেখানে একটি বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে তারা একসঙ্গে সংসার করছেন। সম্প্রতি মাসুদ রানা দেশে ফিরে আসেন। তাঁর পথ ধরে পরবর্তীতে অশ্বিনীও ভারত থেকে সরাসরি বাংলাদেশে এসে পীরগঞ্জে স্বামীর বাড়িতে ওঠেন।
অশ্বিনী জানান, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় থেকে ভালো লাগা এবং পরে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। দুজনের পছন্দ ও পূর্ণ সম্মতির ভিত্তিতেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁর নিজের পরিবারও তাদের এই সম্পর্ক ও বিয়ে সানন্দে মেনে নিয়েছে। একইভাবে স্বামীর পরিবারের সদস্যরাও তাকে পুত্রবধূ হিসেবে সাদরে গ্রহণ করেছেন।
রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত অশ্বিনী। তিনি জানান, দুবাই থেকে প্রথমে তিনি ভারতে যান এবং সেখান থেকে বাংলাদেশে এসে স্বামীর বাড়িতে পৌঁছান। শ্বশুরবাড়ির সবাই খুব ভালো মনের মানুষ বলেও উল্লেখ করেন তিনি।
রানার মা জানান, দুবাইয়ে কাজ করার সুবাদে তার ছেলের সঙ্গে অশ্বিনীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা তাদের সম্পর্ক মেনে নেন। বর্তমানে ছেলে ও পুত্রবধূ দুজনেই বাড়িতে অবস্থান করছেন। অশ্বিনীকে পরিবারের একজন সদস্য হিসেবেই গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি জানান, তার পুত্রবধূ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন