রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
দুর্ঘটনা সংবাদ

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৩:৩৬ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রেনে কাটা পড়ে ষাটোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল নয়টার দিকে পাঁচবিবি রেলস্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা অভিমুখী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল নয়টা ১০ মিনিটের দিকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা রেললাইনে ট্রেনের সামনে চলে আসেন। এ সময় ট্রেনে কাটা পড়ে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।

স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, ট্রেনটি আসতে দেখে বৃদ্ধা হাত উঁচিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করেছিলেন। তবে মুহূর্তের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। পরে রেললাইনে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। এ সময় ঘটনাস্থলে আশপাশের এলাকার লোকজন ভিড় করেন।

পাঁচবিবি রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।