নভেম্বর ১৫, ২০২৬, ০১:০২ পিএম
সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে অপরাধী চক্রের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ পণ্য পাচারের অপচেষ্টা প্রতিহত করতে নিরলসভাবে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ।
এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত চৌদ্দ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ভান্ডারা ও চাপসার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা থেকে এই অভিযানগুলো পরিচালিত হয়।
অভিযানকালে বিরল ও হরিপুর সীমান্ত এলাকা থেকে সচল সাইকেলে সাতাশ বোতল ভারতীয় মদ, এক হাজার আটশত আশি পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, দুইশত সত্তরটি মাউথ স্পিকার, একশত আশিটি মোবাইল নেটওয়ার্ক আইসি এবং দুইশত পঁয়ত্রিশ পিস মোবাইল চার্জার পিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের সর্বমোট সিজার মূল্য ছয় লক্ষ আটানব্বই হাজার পাঁচশত টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত চোরাচালানি চক্রের সদস্যদের শনাক্ত করতে এবং তাদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধী চক্র যত কৌশলই অবলম্বন করুক না কেন, তাদের অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন