রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

সুনামগঞ্জের হাওরে আগাম পানি শুকিয়ে বিপাকে বোরো কৃষক

কৃষি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ১২:৩৩ পিএম

সুনামগঞ্জের হাওরে আগাম পানি শুকিয়ে বিপাকে বোরো কৃষক

সুনামগঞ্জের হাওরে পানি শুকিয়ে যাওয়ায় জমিতে ফাটল ধরেছে।

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো আবাদ মৌসুম শুরুর আগেই দ্রুত কমতে শুরু করেছে হাওর ও বিলের পানি। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া এবং মাছ ধরার জন্য বিভিন্ন স্থানে বাঁধ কেটে পানি ছেড়ে দেওয়ায় অনেক জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। ফলে বোরো ধানের বীজতলা তৈরি ও বীজ বপন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন হাওরপাড়ের কৃষকেরা। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে চলতি মৌসুমে বোরো উৎপাদন মারাত্মক ঝুঁকিতে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ১৩ হাজার ৬২০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অন্য বছরের তুলনায় এবার আগেভাগেই পানি কমায় অনেক জায়গায় বীজতলা শুকিয়ে যাচ্ছে। কৃষকেরা জলাধার থেকে সেচযন্ত্রের সাহায্যে পানি এনে বীজতলা ভিজিয়ে রাখছেন, যাতে বাড়তি খরচ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনাবৃষ্টির কারণে একধরনের কালো রঙের পোকার সংক্রমণও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

টগার হাওরের কৃষক মতিউর রহমান জানান, বীজতলা তৈরির কাজ শেষ হওয়ার আগেই ধান রোপণের জমি শুকিয়ে ফাটল ধরেছে। তিনি বলেন, গত বছর ধান বিক্রি করে উৎপাদন খরচই তোলা যায়নি, যা নিয়ে এবার আরও বাড়তি দুশ্চিন্তা তৈরি হয়েছে। বোয়ালা হাওরের কৃষক আব্দুল মান্নান জানান, জীবনের অভিজ্ঞতায় এত দ্রুত হাওরের পানি শুকিয়ে যেতে দেখেননি। চাষাবাদের খরচ বাড়ার পাশাপাশি ফসল উৎপাদনেও বাড়তি দুর্ভোগ পোহাতে হবে বলে জানান তিনি।

হাওর গবেষক সজল কান্তি সরকার বলেন, পলি জমে হাওরগুলো প্লেটের আকৃতি ধারণ করায় এবং দীর্ঘদিন খনন না করায় নাব্যতা হারিয়ে ফেলেছে। কৃষকের স্বার্থে হাওর খননের পাশাপাশি অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ বন্ধ করার দাবি জানান এই গবেষক।

মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত জানান, কৃষকদের সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন জানান, প্রতিটি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।