নভেম্বর ১৫, ২০২৬, ১১:৩২ এএম
বাহরাইনে দ্বিতীয় দফায় হামলার সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্ভাব্য হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। গত রোববার সকালে প্রথম দফায় সতর্কবার্তা জারির পর দ্বিতীয়বারের মতো একই ধরনের সতর্কতা দিল বাহরাইন কর্তৃপক্ষ।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে যে, দেশটির বাহিনী বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে। মার্কিন আগ্রাসনের জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। এই উত্তেজনার মধ্যে বাহরাইনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
উল্লেখ্য, বাহরাইনেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত, যা এই অঞ্চলটিকে অত্যন্ত কৌশলগত ও সংবেদনশীল করে তুলেছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের পর বাহরাইনের রাজধানী মানামাসহ বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে ফের নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বাহরাইন সরকারের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের সতর্ক থাকার এবং কেবল সরকারি মাধ্যমে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন