নভেম্বর ১৫, ২০২৬, ১১:৪৯ এএম
ভারতের ওড়িশায় খাবার না পেয়ে চরম ক্ষুধার তাড়নায় রাস্তায় পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেয়েছেন এক ব্যক্তি। এই মর্মান্তিক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত নয়টা দশ মিনিট থেকে নয়টা পনেরো মিনিট নাগাদ সম্বলপুর শহরের উপকণ্ঠে মানেশ্বর চক এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক খাবারের খোঁজে পাশের একটি হোটেলে গিয়েছিলেন। কিন্তু তিনি নিজের কথা স্পষ্টভাবে বুঝিয়ে বলতে পারছিলেন না। হোটেলের কর্মীরা তার অস্পষ্ট কথা বুঝতে না পারায় তিনি না খেয়েই সেখান থেকে বেরিয়ে যান।
এরপর খাবার খুঁজতে খুঁজতে তিনি মানেশ্বর চকের কাছে হাইওয়ের ধারে গাড়ির ধাক্কায় মৃত একটি কুকুরকে পড়ে থাকতে দেখেন। এরপর রাস্তার মাঝখানে বসেই ওই যুবক কুকুরের কাঁচা মাংস ও নাড়িভুঁড়ি ছিঁড়ে খেতে শুরু করেন। পথচারীরা সেই ভয়াবহ দৃশ্য দেখে চমকে ওঠেন। অনেকেই তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু যুবক কারও কথায় কান না দিয়ে খেতেই থাকেন।
যুবকের শারীরিক অবস্থা এবং অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয় বাসিন্দাদের ধারণা, তিনি বেশ কয়েক দিন ধরেই অভুক্ত ছিলেন। পাশাপাশি তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু নিশ্চিত করা হয়নি।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। তাদের মতে, এটি কেবল একটি মর্মান্তিক বা বিচ্ছিন্ন দৃশ্য নয়, বরং সমাজের সেই সব আশ্রয়হীন ও দরিদ্র মানুষের করুণ বাস্তবতাকে চোখের সামনে এনে দিয়েছে, যারা ন্যূনতম খাবার ও সামাজিক সুরক্ষা ছাড়াই মানবেতর জীবনযাপন করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন