নভেম্বর ১৫, ২০২৬, ১২:০১ পিএম
রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। শনিবার রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেফতারকৃত চারজন হলেন মো. সোহরাব হোসেন সুমন মিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. রাসেল আহম্মেদ ও মো. মফিজুল ইসলাম। তাদের মধ্যে সোহরাব হোসেন কচুয়া উপজেলার পাঁচ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম একই ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন কমিটির সদস্য।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল এবং তাতে তারা অংশ নেন। এরপর গত ১৪ নভেম্বর রাতে সোহরাব হোসেনের আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন