নভেম্বর ১৫, ২০২৬, ১১:৪৯ এএম
রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা পেরিয়ে জীবিকার তাগিদে এখন যশোরের সড়কে ইজিবাইক চালাচ্ছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল। স্কুলজীবন থেকে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই রাজনৈতিক কর্মী বিএনপি সরকারের সময়ে ২০০৩ সালে ভোটের মাধ্যমে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
রাজনৈতিক প্রতিকূলতা ও দুঃসময়েও দল ছেড়ে যাননি তিনি। তবে সময়ের পরিবর্তনে এবং বিগত সরকারের সময়ে সাতটি মামলা ও হুলিয়ার মুখে পড়ে ২০১৭ সালে কালীগঞ্জ ছেড়ে যশোরে চলে যান মুকুল। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শহরের পালবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে এই পেশা পরিচালনা করছেন।
মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারানোর পর ভাইদের কাছে বড় হওয়া মুকুল ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক। তার বড় ছেলে সাজিদ হাসান যশোর সরকারি এমএম কলেজে অনার্স প্রথম বর্ষে এবং ছোট ছেলে সোয়াদ হাসান পুলিশ লাইন স্কুলের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে। পরিবার ও সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে শেষ পর্যন্ত গ্রামের বাড়ির দুই বিঘা জমি বন্ধক রেখে একটি ইজিবাইক কেনেন তিনি।
বর্তমানে এই ইজিবাইক চালিয়ে যা আয় হয়, তা দিয়েই কোনোমতে সংসার ও সন্তানদের লেখা পড়ার ব্যয় মেটান এই সাবেক ছাত্রদল নেতা।
রেজওয়ান ইসলাম মুকুল বলেন, সততার সঙ্গে রাজনীতি করেছেন তিনি এবং বিগত ১৭ বছরে রাজনৈতিক মামলা-হামলা ও নানা প্রতিকূলতার কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করলেও ৫ আগস্টের পর অবৈধ কোনো উপার্জন করেননি। তিনি আরও জানান, কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় কোমরের হাড়ের আঘাত পেলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি এবং প্রচণ্ড ব্যথা নিয়েই প্রতিদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে গাড়ি চালাতে হয় তাকে।
যে কমিটির সাধারণ সম্পাদক মুকুল ছিলেন, সেই সময়ের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ জানান, তিনি যশোরে ইজিবাইক চালান বিষয়টি প্রথমে কেউ জানত না এবং পরে বিষয়টি জানার পর জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ তার সঙ্গে দেখা করতে বলেছেন। সর্বশেষ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সহকারী রাশেদ খান বলেন, আন্দোলনের সময় বহু নেতাকর্মী রিকশা বা ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন এবং দলের সুসময়ে ত্যাগী নেতাকর্মীরা যথাযথ মূল্যায়ন পাবেন বলে তিনি আশাবাদী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন