শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,
ছাত্রদল নেতা

নুসরাত তাবাসসুমকে বোন ও সহযোদ্ধা বলে সম্বোধন ছাত্রদল নেতা আবিদুলের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৫:১৫ পিএম

নুসরাত তাবাসসুমকে বোন ও সহযোদ্ধা বলে সম্বোধন ছাত্রদল নেতা আবিদুলের

সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার পক্ষ নিয়ে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে নিজের রাজনৈতিক অবস্থান ও মতামত তুলে ধরেন।

ভিডিওতে নুসরাত তাবাসসুমকে নিজের বোন ও সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে আবিদুল ইসলাম খান জানান, তারা দুজন একসঙ্গে জুলাই আন্দোলনে লড়াই করেছিলেন। কিন্তু গত পাঁচ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি ও ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

তার মতে, এই অভ্যন্তরীণ বিভেদ ও সুযোগের সদ্ব্যবহার করে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার অপচেষ্টা চালাচ্ছে। প্রায় দুই হাজার শহীদ ও পঁচিশ হাজারের বেশি ছাত্র-জনতার পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে অর্জিত বিজয়ের ওপর আজকের সরকার ও রাজনৈতিক দলগুলো দাঁড়িয়ে রয়েছে বলে তিনি স্মরণ করিয়ে দেন।

নিজেদের মধ্যে বিভেদের কারণে সেই ঐতিহাসিক আত্মত্যাগ ভুলে যাওয়ায় আজ সহযোদ্ধাদের ওপর এমন হামলার ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদল নেতা। এ সময় তিনি হাসিবের ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান এবং একে মিডিয়া মব ও সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে বলেন, এ ধরনের ঘটনার মাধ্যমে মূলত গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে বিভ্রান্ত করা হচ্ছে।

নুসরাত তাবাসসুমের বাসভবনে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অভ্যন্তরীণ কাদা ছোড়াছুড়ি ভুলে এখনই সময় এসেছে আবার একজোট হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার। তিনি আরও সতর্ক করে বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের অনেকেই আদর্শচ্যুত হওয়ার কারণে আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রায়শ্চিত্ত এখন করতে হচ্ছে এবং সময় থাকতে ঐক্যবদ্ধ না হলে সামনে আরও কঠিন সময় আসতে পারে।