নভেম্বর ১৩, ২০২৬, ১০:০২ পিএম
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় কঠোর বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনার নিজের ইচ্ছায় দেশে ফেরা বা সাধারণ প্রক্রিয়ায় প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
শেখ হাসিনার বর্তমান অবস্থান ও দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, প্রত্যাবর্তন এবং প্রত্যর্পণ কখনো এক বিষয় নয়। কারও বিরুদ্ধে কোনো মামলা না থাকলে নিজ দেশে ফিরে আসাকে প্রত্যাবর্তন বলা হয়। আর প্রত্যর্পণ হলো একটি সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া, যার সঙ্গে অপরাধের দণ্ড ও দুই দেশের মধ্যকার চুক্তির বিষয় জড়িত। সাঈদ, মুগ্ধসহ হাজারো ছাত্র-জনতার রক্তে যার হাত রঞ্জিত, তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে বরণ করে নেওয়ার কথা কেউ ভাবতেও পারে না। তাঁকে আইন অনুযায়ী দেশে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো রাজনৈতিক কারণে দেশ ছেড়ে পালিয়ে যাননি; বরং ছাত্র-জনতার ওপর ভয়াবহ গণহত্যা চালিয়ে দেশত্যাগ করেছেন। তাঁর পাসপোর্টের বৈধতা থাকুক বা না থাকুক, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা অপরিহার্য। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, একজন নারী এত রক্তপাত ঘটিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন। অথচ তাঁদের কথাবার্তায় মনে হচ্ছে, সেই অভিযুক্তকে সসম্মানে গিয়ে দেশে নিয়ে আসতে হবে।
জুলাই বিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের মানুষের সাহসী লড়াইয়ে মূল অনুপ্রেরণা জুগিয়েছিল ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াতে শিখেছে মূলত এই বিপ্লব থেকেই। সমাজের বিভিন্ন অসংগতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে গোপনে ও নানা কৌশলে এখনো বাল্যবিবাহ চলছে। এসব অন্যায়ের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
মহিলা দলের নেত্রীদের ত্যাগের কথা স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে মহিলা দলের নেত্রীরা অতুলনীয় সাহস ও ত্যাগের পরিচয় দিয়েছেন। পুলিশি বাধা, হামলা ও নির্যাতন সহ্য করেও তাঁরা রাজপথে সাহসী ভূমিকা পালন করেছেন। তাঁদের সেই অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট শক্তি যেন ভবিষ্যতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য গণতন্ত্রের ধারা রক্ষা এবং নারীর ক্ষমতায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন