নভেম্বর ১৩, ২০২৬, ০৯:১৪ পিএম
বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, ভারত ও বাংলাদেশের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী বৈঠকটি উভয় পক্ষের সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। সে সময় ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
তিনি আরও জানান, বিদ্যমান এই প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয়ে আলোচনা করতে ভারত সর্বদা প্রস্তুত রয়েছে। এর আগে ঢাকায় আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দুই দেশের মধ্যকার পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে জানায়, সময়সূচি না মেলার কারণে গত সপ্তাহে কূটনৈতিক পত্র পাঠিয়ে ঢাকার এই নির্ধারিত বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল ভারত।
তবে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে ভারত অত্যন্ত আগ্রহী বলে উল্লেখ করেন রণধীর জয়সওয়াল। বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান ভারতীয় এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন