নভেম্বর ১৩, ২০২৬, ০৪:৩৩ পিএম
বাংলাদেশের ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তাকে নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে। প্রায় সোয়া দুই বছরের ওপর হলো তিনি ভারতেই রয়েছেন। ইতিমধ্যে দেশের আদালতে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ডিসেম্বরেই দেশে ফিরবেন। তার এই প্রত্যাবর্তনের ঘোষণা নিয়ে ভারত সরকার ও দিল্লির নীতিনির্ধারকরা কী ভাবছেন, তা নিয়ে কূটনৈতিক মহলে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে।
ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে দেশে ফেরার এই ঘোষণা দেননি বলেই মনে করছেন বিশ্লেষকরা। ভারতে তার উপস্থিতি দেশটির সরকারের জন্য ক্রমেই একটি বিব্রতকর ইস্যু হয়ে উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে এ নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতো যদি তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারতেন, কিন্তু নানা চেষ্টার পরও তা সফল হয়নি। ফলে ভারত এখন মনে করছে, তার বাংলাদেশে ফিরে যাওয়া এবং বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত অপশন।
দিল্লির সরকারি কর্মকর্তাদের মতে, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের প্রধান শর্ত মূলত দুটি। প্রথম শর্ত হলো, শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ মিলিটারির বিমানে করে, তাই তাকে ফিরিয়ে নেওয়ার কাজও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। এই প্রক্রিয়া আকাশপথ বা স্থলপথ—যেকোনো মাধ্যমেই হতে পারে। বাংলাদেশ চাইলে সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে অথবা স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসে সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এর জন্য লজিস্টিক্যাল প্রস্তুতি নিতে ভারত প্রস্তুত রয়েছে।
দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছে, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে। তবে এই দাবি যাতে দেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারে ভারত অত্যন্ত সতর্ক রয়েছে। ভারত কখনোই তাকে সরাসরি ফাঁসিতে ঝোলানোর জন্য তুলে দিতে চায় না, বরং তিনি যাতে সুষ্ঠু বিচারের সুযোগ পান এবং আন্তর্জাতিক অঙ্গনের নজরদারিতে তা হয়, সেটি নিশ্চিত করতে চায় দিল্লি।
এই দুই শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ প্রশস্ত করতে পর্দার আড়ালে আলোচনা চলছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দীর্ঘদিনের যোগাযোগ ও সম্পর্ক এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে ইঙ্গিত মিলেছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে নেওয়ার পর তার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি ভারত গুরুত্বের সঙ্গেই দেখছে, যা এই পুরো কূটনৈতিক প্রক্রিয়ার অন্যতম একটি প্রধান শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি বাংলা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন