শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,
রংপুরে দুর্ঘটনা

নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির ওপর বালুবাহী ট্রাক, প্রাণ গেল শিশুর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৪:০১ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির ওপর বালুবাহী ট্রাক, প্রাণ গেল শিশুর

ছবি: সংগৃহীত

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসতবাড়ির ওপর উল্টে পড়ে বালুবাহী ট্রাক। ওই ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন বাড়িতে ঘুমিয়ে থাকা মা ও তার শিশু কন্যা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায় নয় বছরের শিশু সিনথিয়া।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রংপুর নগরীর পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিশুটির মা আশা বেগম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর খাসবাগ থেকে বালুভর্তি একটি ট্রাক সাতমাথার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি সড়কের পাশে একটি বসতবাড়ির ওপর উল্টে পড়ে। এতে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে চাপা পড়েন।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে শিশু সিনথিয়া মারা যায়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার মা আশা বেগম।

ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে। একইসঙ্গে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম।