শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,
আইনি প্রক্রিয়া

ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় হাসিনাকে ফেরাতে হবে: রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৩:৪৮ পিএম

ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় হাসিনাকে ফেরাতে হবে: রিজভী

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণের জোর দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মানুষকে হত্যার অভিযোগ ও মামলা রয়েছে। অথচ তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এমনভাবে আলোচনা করা হচ্ছে, যেন তিনি বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়িতে বেড়াতে গেছেন এবং তাঁকে গোলাপ, হাসনাহেনা কিংবা বেলি ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা আবার দেশে ফিরতে চাইছেন এবং তার আইনজীবীরা পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্র চাইছেন। কিন্তু এখানে আইনগতভাবে দুটি বিষয় সম্পূর্ণ আলাদা—একটি ‘প্রত্যাবর্তন’, অন্যটি ‘প্রত্যর্পণ’। প্রত্যাবর্তন ও প্রত্যর্পণের পার্থক্য ব্যাখ্যা করে তিনি বলেন, কোনো ব্যক্তি দেশ ছেড়ে যাওয়ার পর নিজ দেশে ফিরে আসতে চাইলে সেটি হলো প্রত্যাবর্তন। অন্যদিকে, যার বিরুদ্ধে ফৌজদারি মামলা, অপরাধের অভিযোগ কিংবা দণ্ড রয়েছে, তাঁকে এক দেশ থেকে অন্য দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়ার নাম প্রত্যর্পণ।

বিএনপির এই নেতা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সুতরাং শেখ হাসিনার ক্ষেত্রে সাধারণ অর্থে প্রত্যাবর্তনের বিষয়টি আসতে পারে না। তার ভিসা, পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র নিয়ে এত আলোচনা তার ক্ষেত্রে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, আবু সাঈদ, আহনাফ, মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম ও ফায়াজসহ অসংখ্য শিক্ষার্থী, রিকশাচালক ও শ্রমিক—প্রায় এক হাজার ৪০০ মানুষকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে।

তিনি প্রশ্ন রেখে বলেন, যাঁার বিরুদ্ধে এত মামলা ও দণ্ড রয়েছে, তাকে নিয়ে এত ঢাকঢোল পেটানোর কী আছে? তাঁকে আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ করা যেতে পারে। কিন্তু এখন এমন আবহ তৈরি করা হচ্ছে, যেন তিনি বাপের বাড়ি কিংবা স্বামীর বাড়িতে গেছেন এবং তাকে ফুল দিয়ে বরণ করতে হবে! যে নারীর হাতে এত মানুষের রক্ত ঝреছে, তাঁকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির বিধিবিধান অনুযায়ী দুই দেশের মধ্যে আলোচনা করতে হবে। সেই আইনি প্রক্রিয়ায় তাঁকে দেশে ফিরিয়ে এনে চলমান বিচারিক কার্যক্রমের আওতায় আনতে হবে এবং কোনো মামলায় দণ্ড থাকলে আইন অনুযায়ী তা কার্যকর করতে হবে।

আওয়ামী লীগ সরকারের শাসনামলের কঠোর সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে যে একদলীয় শাসনব্যবস্থা ছিল, শেখ হাসিনা তাঁর শাসনামলে ঠিক সেই ধরনের ফ্যাসিবাদী শাসনই কায়েম করেছিলেন। তাঁর জমানায় গুম, খুন ও গুপ্তহত্যা রাষ্ট্রীয় ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, দীর্ঘ আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রিকশাচালক ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত এই গণজাগরণের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। এ সময় যুক্তরাজ্য থেকে প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ রেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সফলভাবে আন্দোলন পরিচালনা ও জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি ও জনগণ একসঙ্গে রাজপথে নেমে আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় জাগরণ সৃষ্টি করেছিলেন। ৭ নভেম্বর হলো স্বাধীনতা রক্ষার দিন। ১৯৭১ সালের অর্জন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও এ দিনের চেতনা মানুষকে অনুপ্রাণিত করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে রিজভী বলেন, স্বৈরাচার এরশাদবিরোধ আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার জমানায় গণতন্ত্র রক্ষায় তিনি অবিরাম লড়াই করেছেন। এ কারণেই তাকে মিথ্যা মামলায় কারাবন্দি করা হয়েছিল এবং তাঁর খাবারে বিষ পর্যন্ত প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও মামলার মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার প্রশংসা করে তিনি বলেন, ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। কাউকে শুধু কারও স্ত্রী, বোন বা আত্মীয় হওয়ার সুবাদে বিশেষ সুযোগ দেওয়া যাবে না। নারীর ক্ষমতায়নের ওপর জোর দিয়ে রিজভী বলেন, রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি মহিলা দলকে এখন বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা তৈریতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় তিনি নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে মহিলা দলের নেতাকর্মীদের মাঠে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।