বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,
রাজনৈতিক হামলা

এনসিপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের শাস্তির দাবি ডা. শফিকুর রহমানের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ১২:১৯ পিএম

এনসিপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের শাস্তির দাবি ডা. শফিকুর রহমানের

জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এই দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন জামায়াত আমির।

হামলাটিকে অত্যন্ত কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি লেখেন, অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, গত বুধবার রাতেই এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই নিজ বাড়িতে অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেন। সে সময় তিনি দাবি করেন, তাঁর বাড়িতে পেট্রলবোমা মারা হয়েছে। হামলাকারীরা কে বা কারা তা তিনি নিশ্চিত নন উল্লেখ করে জানান, এই ধরনের ভয়ভীতি দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না বলে বিশ্বাস করেন তিনি। সমস্ত বাধা ও আগুনের পথ পাড়ি দিয়ে নিজের রাজনৈতিক ও সামাজিক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এই সংসদ সদস্য।

এদিকে সংসদ সদস্যের বাড়িতে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা এনসিপি। জেলা এনসিপির সভাপতি জান্নাতুল ফেরদৌস টনি দাবি করেছেন, ফ্যাসিবাদের দোসর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজন এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এনসিপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি।

অপরদিকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার বা ভেড়ামারা সার্কেলের দেলোয়ার হোসেন সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গত বুধবার রাত একটার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি কক্ষ এবং দুটি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।