নভেম্বর ১২, ২০২৬, ১১:২৯ এএম
বলিউডে গ্যাংস্টার চরিত্রে ইমরান হাশমির উপস্থিতি মানেই আলাদা এক উত্তেজনা। রোমান্স, রহস্য আর দুর্ধর্ষ অ্যাকশনের মিশেলে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই অভিনেতা। তাঁর নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। এতে দেখা মিলেছে অপরাধজগতের অন্ধকার, অতীতের জটিলতা এবং টানটান উত্তেজনায় ভরা নানা দৃশ্যের।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ট্রেলারে ইমরানকে এমন এক গ্যাংস্টারের চরিত্রে দেখা গেছে, যিনি নিজের অতীত ও বর্তমানের নানা জটিলতার মধ্যে আটকে পড়েছেন। বলিউডে এমন গল্প নতুন নয়। তবে ট্রেলারের আকর্ষণীয় বর্ণনা ও অ্যাকশন দৃশ্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
সিনেমাটিতে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন অভিনেতা অপরশক্তি খুরানা। তাঁকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। ট্রেলারে অল্প সময়ের উপস্থিতিতেই চরিত্রটির মধ্যে ভয়ংকর এক তীব্রতা ফুটিয়ে তুলেছেন তিনি। ইমরানের সঙ্গে তাঁর সংঘাত সিনেমাটির অন্যতম একটি আকর্ষণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, জেনেলিয়া দেশমুখের উপস্থিতি ট্রেলারে তুলনামূলক কম। তবে অল্প সময়ের মধ্যেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। তাঁর চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ফলে সিনেমায় তাঁর ভূমিকা নিয়ে দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
‘গানমাস্টার জি৯’-এ আবারও পরিচিত গ্যাংস্টার ঘরানার সঙ্গে রোমান্স ও অ্যাকশনের মিশেল নিয়ে হাজির হচ্ছেন ইমরান হাশমি। এর আগে ‘আওয়ারাপন টু’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হওয়ার পর নতুন এই সিনেমা ঘিরেও প্রত্যাশা বাড়ছে। আগামী ছাব্বিশে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গানমাস্টার জি৯’-এর। তবে একই দিনে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা ও শারভারির সিনেমা ‘ইয়ে প্রেম মল লিয়া’। ফলে বক্স অফিসে দুই সিনেমার মধ্যে একটি জমজমাট লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন