বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

নিরাপত্তা উদ্বেগে কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ১০:৪৯ এএম

নিরাপত্তা উদ্বেগে কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও নিরাপত্তাঝুঁকির কারণে কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে অংশগ্রহণের পাশাপাশি প্রতিযোগিতার আগে নির্ধারিত প্রস্তুতি ক্যাম্পও বাতিল করেছে দেশটির ফুটবল ফেডারেশন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় খেলোয়াড় ও কর্মকর্তাদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, কাতারের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বিবেচনা করেই অনূর্ধ্ব-১৭ দলের টুর্নামেন্ট-পূর্ব প্রস্তুতি ক্যাম্প এবং মূল পর্বে অংশগ্রহণ—দুটিই বাতিল করার এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তের পেছনে কাতারের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। গত মাসে হালনাগাদ করা ওই সতর্কবার্তায় সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা তুলে ধরে কাতার ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। পাশাপাশি সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন সংশ্লিষ্ট ফুটবলারদের ক্লাবগুলোকে এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছে। তবে ফিফার আনুষ্ঠানিক ঘোষণা বা প্রতিক্রিয়া না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করতে খেলোয়াড়দের নিরুৎসাহিত করা হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৪৮ দলের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এই প্রতিযোগিতার ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চিলি, আলজেরিয়া ও মন্টেনেগ্রো। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরুর কথা ছিল।

উল্লেখ্য, কাতারে অনুষ্ঠিত গত আসরে শেষ ষোলোয় খেলার যোগ্যতা অর্জন করেছিল মার্কিন যুবারা। তবে এবারের আসর শুরুর আগে দেশটির নাম প্রত্যাহার করে নেওয়ার ফলে টুর্নামেন্টের আয়োজনে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের এই খালি করা স্থানে অন্য কোনো দলকে সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা।